Home » প্রকাশ্যে মুখ খুললেন পার্থ-ঘনিষ্ঠ মোনালিসা

প্রকাশ্যে মুখ খুললেন পার্থ-ঘনিষ্ঠ মোনালিসা

সময় কলকাতা ডেস্কঃ

পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর যোগাযোগ স্বীকার করেই নিলেন অধ্যাপিকা মোনালিসা দাস।অনুব্রত মণ্ডলেকে নিয়ে যখন তোলপাড় রাজ্য রাজনীতি,ঠিক সেসময়ই মুখ খুললেন পার্থ ঘনিষ্ঠ অধ্যাপিকা মোনালিসা দাস। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর সোমবার এই প্রথম সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন আসানসোলের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা মোনালিসা। এদিন সাংবাদিকদের প্রশ্নে তিনি সাফ জানিয়ে দেন,অর্পিতা মুখোপাধ্যায় নামে কাউকে তিনি চেনেন না। এমনকী তিনি ওই নাম পর্যন্ত কখনও শোনেননি বলেই দাবি জানিয়েছেন। পাশাপাশি তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজেকে সৎ শিক্ষিকা বলেও দাবি জানিয়েছেন।

কিছুদিন আগেই আসানসোলের ওই বিশ্ববিদ্যালয়ে সেমিনার ছিল। সেই সেমিনার থেকে হঠাৎ করেই বাদ পড়ে যায় মোনালিসার নাম। এ প্রসঙ্গে তিনি সাংবাদিকদের জানান, ‘সেই সময় আমি অসুস্থ ছিলাম। আমি দায়িত্ব থেকে অব্যহতি চেয়েছিলাম। তাই আমার নাম হয়তো বাদ দেওয়া হয়েছে।’ তাঁর নামে একাধিক অভিযোগও উঠেছে। এদিন মোনালিসা দাস আরও বলেন,’আমার নামে সব অভিযোগ ভিত্তিহীন। যারা অভিযোগ করছে, তারা আমার সামনে কিছুই বলতে পারবে না। আমি একজন সৎ শিক্ষক।’ ইতিমধ্যেই বিরোধী দলগুলি তাঁর নামে ডেপুটেশনও জমা দিয়েছে।

প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পরই অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে নাম জড়িয়েছিল মোনালিসা দাসেরও। আসানসোলের কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের প্রধান অধ্যাপিকা মোনালিসা। সূত্রের খবর,আসানসোলের এসবি গড়াই রোডের বরফকল বিবেকানন্দ পল্লীতে একটি ভাড়াবাড়িতে থাকেন তিনি। কিন্তু বেশ কিছুদিন ওই বাড়িতে যাতায়াত করেননি। প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর যে যোগাযোগ ছিল, এদিন তা স্বীকার করেছেন মোনালিসা। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘একজন শিক্ষকের সঙ্গে এক অভিভাবকের যেমন সম্পর্ক হয়, আমাদেরও তেমন সম্পর্ক।’

 

 

পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর থেকেই শান্তিনিকেতনে একাধিক বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি। ঠিক সেসময়ই অধ্যাপিকা মোনালিসার নাম প্রকাশ্যে আসে। অভিযোগ ছিল, শান্তিনিকেতনে তাঁর নামে একাধিক বাড়ি আছে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন মোনালিসা। তিনি জানান, ‘শান্তিনিকেতনে আমার কোনও বাড়ি নেই। আমি একজন সাধারণ শিক্ষক মানুষ। শিক্ষক পরিবারের সন্তান। সততার সঙ্গে বাঁচি। সততার সঙ্গেই থাকব। বাইরে থেকে কোনও মানুষ কিছু মন্তব্য করলে, তার কোনও দায় আমার নেই।’

About Post Author