সময় কলকাতা ডেস্কঃ স্বাধীনতা দিবসে বিলকিস বানোর ধর্ষকদের মুক্তি দেয় গুজরাট সরকার। যা নিয়ে উত্তপ্ত জাতীয় রাজনীতি। বিলকিসের ধর্ষকদের মুক্তি আইনসঙ্গত কিনা তা নিয়ে এবার গুজরাট সরকারকে নোটিস দিল সুপ্রিম কোর্ট। গত ২৩ অগস্ট, মঙ্গলবার বিলকিসের ধর্ষকদের মুক্তির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সিপিএম পলিটব্যুরো সদস্য সুভাষিণী আলি এবং তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। আগামী দু’সপ্তাহের মধ্যে এ বিষয়ে হলফনামা পেশ করতে হবে গুজরাট সরকারকে। দু’সপ্তাহ বাদে ফের এই মামলার শুনানি রয়েছে, তার আগেই উত্তর দিতে হবে গুজরাটের বিজেপি সরকারকে।

প্রসঙ্গত, ২০০২ সালে গুজরাটের সবরমতী এক্সপ্রেসের কয়েকটি কোচে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় গোটা রাজ্যে। আগুনে ৫৯ জন করসেবক নিহত হন। অগ্নিকাণ্ডের প্রতিবাদে সংখ্যালঘু অধ্যুষিত গোধরায় লাগে দাঙ্গা। এলাকা থেকে সপরিবারে পালিয়ে গিয়ে বিলকিস বানো একটি খোলা মাঠে আশ্রয় নেন। সেসময় তিনি ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সেখানেই তাঁকে গণধর্ষণ এবং পরিবারের ৭ জনকে খুন করা হয় বলে অভিযোগ। সুপ্রিম কোর্টের নির্দেশে ঘটনার তদন্ত শুরু করে সিবিআই। দোষী সাবস্ত হন ১১ জন। ২০০৮ সালে প্রত্যেককেই যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। মেয়াদ শেষ হওয়ার আগেই তাদের মুক্তি দিয়েছে গুজরাট সরকার। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।


More Stories
কলকাতা-হিমাচল সরাসরি ট্রেন চালু, বাংলা পর্যটকদের জন্য নতুন সুবিধা
“সুখেন্দু শেখরের পথ নিন, দল ও পদ ছেড়ে প্রতিবাদ করুন”
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির