Home » নিয়োগ দুর্নীতি! সিবিআইয়ের জালে আরও এক মিডলম্যান

নিয়োগ দুর্নীতি! সিবিআইয়ের জালে আরও এক মিডলম্যান

সময় কলকাতা ডেস্কঃ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের জালে ধরা পড়ল আরও এক মিডলম্যান। ধৃত প্রসন্ন কুমার রায় রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ‘ঘনিষ্ঠ’ বলেই জানা গিয়েছে। সিবিআই সূত্রে খবর, প্রসন্ন কুমার নামে ওই ব্যক্তিও মিডলম্যান হিসেবে কাজ করতেন। শুক্রবার সন্ধ্যায় নিউটাউন থেকে গ্রেপ্তার করা হয় ওই ব্যক্তিকে। জানা গিয়েছে, ধৃতের নামেও রয়েছে বিপুল পরিমাণ সম্পত্তি। শনিবার তাকে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে তোলা হবে বলে খবর। তদন্তের স্বার্থে ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানাতে পারে সিবিআই।

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি’র হাতে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তারপর থেকেই ধরা পড়ছে একের পর এক অভিযুক্ত। শুক্রবার জেলে গিয়ে তাকে দ্বিতীয়বার জেরা করে ইডি। শুক্রবার একটানা প্রায় তিনঘণ্টা জেরা করা হয় তাঁকে। এদিন তিনি ইডি’র প্রশ্নের জবাব দিয়েছেন বলে জানা গিয়েছে।

নিয়োগ দুর্নীতি মামলায় শান্তিপ্রসাদ সিনহাকে জেরা করে হদিশ মেলে প্রদীপ সিং নামে এক মিডলম্যানের। তারপর প্রদীপকে গ্রেপ্তার করে জেরা করতেই প্রসন্ন কুমার রায়ের খোঁজ পান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। শুক্রবার নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করা হয় প্রসন্নকে। শনিবার প্রদীপ ও প্রসন্ন দু’জনকেই মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে।

About Post Author