Home » যাদবপুরের ফ্ল্যাটে সশরীরে দেখা মিলল মানিক ভট্টাচার্যের

যাদবপুরের ফ্ল্যাটে সশরীরে দেখা মিলল মানিক ভট্টাচার্যের

সময় কলকাতা ডেস্কঃ এবার সশরীরে দেখা মিলল মানিক ভট্টাচার্যের। শনিবার সকালে যাদবপুরের সেন্ট্রাল রোডের ফ্ল্যাটের বারান্দায় দেখা যায় তাঁকে। সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতেও দেখা যায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, বিচারাধীন বিষয় নিয়ে তিনি কোন মন্তব্য করতে চান না। স্বাভাবিক জীবনযাপন করতে চান বলে জানান তিনি। তবে বাড়ির বারান্দা থেকে নিচে নামতে রাজি হননি তিনি।

উল্লেখ্য, টেট দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে মানিক ভট্টাচার্যের। শুক্রবার মানিক ভট্টাচার্যের নিরাপত্তা প্রত্যাহার করে নেয় রাজ্য। গত বৃহস্পতিবার প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে জারি করা হয়েছিল লুক আউট নোটিশ। টেট অনিয়ম মামলাতেই মানিক ভট্টাচার্যর বিরুদ্ধে এই নোটিশ জারি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রতিটি বিমানবন্দরেই সেই লুক আউট নোটিশ দেওয়া হয়। নিয়োগ দুর্নীতি মামলায় বারবার ইডির হাজিরা এড়িয়ে গিয়েছেন প্রাথমিক শিক্ষক পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। ২৭ জুলাই- এর পর আর ইডির ডাকে সাড়া দেন নি  তিনি। যাদবপুরের বাড়ি, ফ্ল্যাটেও দেখা মেলেনি তাঁর। এমনকী, নদিয়ার পলাশি পাড়ার পৈতৃক বাড়িতেও পাওয়া যায় নি তাকে। গত একমাস ধরে তালা ঝুলছে সেই বাড়িতে। মানিক ভট্টাচার্য যে মোবাইল নম্বর দিয়েছিলেন তাতেও যোগাযোগ করা যায় নি।

এরপর শনিবার সকালেই যাদবপুরের ফ্ল্যাটে দেখা পাওয়া যায় তার। এদিন, বাড়ির বারান্দা থেকে মানিকবাবু বলেন, “বিচারাধীন বিষয়ে কিছু বলব না। তদন্তে অসহযোগিতা আমি করিনি। যাদবপুরের ফ্ল্যাটেই আছি। দয়া করে স্বাভাবিক জীবনযাপন করতে দিন।”

About Post Author