Home » দেশের ৪৯ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ উদয় উমেশ ললিতের

দেশের ৪৯ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ উদয় উমেশ ললিতের

সময় কলকাতা ডেস্কঃ শনিবার ভারতের ৪৯ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন উদয় উমেশ ললিত। এন ভি রামানার পর দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনিই। এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে রাষ্ট্রপতি ভবনে প্রধান বিচারপতি হিসেবে শপথবাক্য পাঠ করান। শপথ নিয়েই দেশের বিচারব্যবস্থায় বড়সড় বদল আনার ঘোষণা করলেন বিচারপতি ললিত।

প্রধান বিচারপতি পদে এন ভি রামানার মেয়াদ শেষ হওয়ার আগেই পরবর্তী প্রধান বিচারপতি পদে নয়া বিচারপতির সুপারিশ চেয়ে এন ভি রামানার কাছে চিঠি পাঠিয়েছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু। সেই চিঠির জবাবেই বিচারপতি ইউ ইউ ললিতের নাম প্রস্তাব করেছিলেন এন ভি রামানা। তারপরই এন ভি রামানার প্রস্তাবেই সায় দিয়ে আইন মন্ত্রকের তরফে দেশের ৪৯ তম প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি উদয় উমেশ ললিতের নাম ঘোষণা করা হয়।

শনিবার সেই পদে শপথ নিলেন বিচারপতি ইউ ইউ ললিত। জানা গিয়েছে, প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেও সেই পদে তার মেয়াদ খুব বেশিদিন নয়। মাত্র ৭৪ দিন অর্থাৎ আগামী নভেম্বর মাসেই তাঁর অবসর নেওয়ার পালা। তবে দেশের প্রধান বিচারপতি হিসেবে এই ছোট্ট সফরেই অভাবনীয় কাজ করার বার্তা দিয়েছেন তিনি। উদয় উমেশ ললিত যদি শীর্ষ আদালতের প্রধান বিচারপতির পদে বসেন, তবে এস এস সিক্রির পর তিনিই হবেন দ্বিতীয় প্রধান বিচারপতি। আইনজীবী থাকাকালীন মূলত অপরাধ সংক্রান্ত মামলা নিয়েই কাজ করেছেন উদয় ইউ ললিত। যে বিশেষ বিচারবিভাগীয় বেঞ্চ তিন তালাক প্রথাকে ‘অসাংবিধানিক’ ঘোষণা করেছিল, তার অন্যতম সদস্য ছিলেন উদয় ইউ ললিত।

উদয় ইউ ললিতের জন্ম মহারাষ্ট্রে ১৯৫৭ সালের ৯ নভেম্বর। ১৯৮৩ সালে আইনজীবী হিসাবে কর্মজীবন শুরু করেন তিনি। ১৯৮৫ সাল পর্যন্ত তিনি বোম্বে হাইকোর্টের আইনজীবী ছিলেন। ১৯৮৬ সালের জানুয়ারি মাসে তিনি দিল্লি হাইকোর্টে আইনজীবী হিসাবে যোগ দেন। ১৯৮৬ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কাজ করেছেন তিনি। ২০১৪ সালের আগস্টে সুপ্রিম কোর্টের প্রবীণ বিচারপতি হিসাবে নিযুক্ত হন তিনি। উদয় উমেশ ললিতের বাবা ইউ আর ললিতও ছিলেন দিল্লি হাইকোর্টের প্রবীণ বিচারপতি এবং দিল্লি হাইকোর্টের অতিরিক্ত বিচারক।

About Post Author