Home » দেশের ২১টি বিশ্ববিদ্যালয়কে ‘ভুয়ো’ ঘোষণা ইউজিসির

দেশের ২১টি বিশ্ববিদ্যালয়কে ‘ভুয়ো’ ঘোষণা ইউজিসির

সময় কলকাতা ডেস্কঃ দেশের ২১টি বিশ্ববিদ্যালয়কে ‘ভুয়ো’ বলে ঘোষণা করল ইউজিসি। শুক্রবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব রজনীশ জৈনের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানানো হয়। এই ২১টি প্রতিষ্ঠানের মধ্যে কলকাতার দু’টি বিশ্ববিদ্যালয়ও আছে। এগুলি হল চৌরঙ্গী রোডের ইন্ডিয়ান ইন্সটিটিউট অব অলটারনেটিভ মেডিসিন এবং ঠাকুরপুকুরের ইন্সটিটিউট অব অলটারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ।

অন্যদিকে দিল্লির ৮টি, উত্তরপ্রদেশের ৪টি, ওড়িশার ২টি, কর্নাটকের ১টি, কেরলের ১টি, মহারাষ্ট্রের ১টি, অন্ধ্রপ্রদেশের ১টি এবং পুদুচেরির ১টি বিশ্ববিদ্যালয়ও এই তালিকায় রয়েছে। এই ভুয়ো অনুমোদনহীন বিশ্ববিদ্যালয়গুলি ইউজিসির নিয়ম মেনে চলে না বলেই জানানো হয়েছে। ইউজিসি জানিয়ে দিয়েছে, এই বিশ্ববিদ্যালয়গুলি পড়ুয়াদের ডিগ্রি বা শংসাপত্র দিতে পারবে না।পাশাপাশি ইউজিসি জানিয়েছে, এই সব প্রতিষ্ঠানের দেওয়া কোনও ডিগ্রিরই মূল্য নেই।

ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন অ্যাক্টের ২২ ও ২৩ নম্বর ধারা অনুযায়ী, কেন্দ্রীয় অথবা রাজ্যের নিজেদের আইন এবং বিধি দ্বারা পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলিকেই কেবল মাত্র বিশ্ববিদ্যালয় বলে ঘোষণা করা হয় এবং তারা ডিগ্রি দিতে পারে। সেক্ষেত্রে দেখা গিয়েছে,বাংলার দু’টি-সহ দেশের ২১টি প্রতিষ্ঠানের একটিও ওই আইন মানে না। এমনকী তাদের স্বীকৃতিরও প্রশ্ন ওঠে না।

About Post Author