Home » কেউটের আঁতুড় ঘর হয়ে উঠেছে পূর্ব বর্ধমানের বাদুলিয়া

কেউটের আঁতুড় ঘর হয়ে উঠেছে পূর্ব বর্ধমানের বাদুলিয়া

সময় কলকাতা ডেস্কঃ পূর্ব বর্ধমানের বাদুলিয়া যেন কেউটে সাপের আঁতুড় ঘর। এবার দশটি ডিম সহ একটি পূর্ণ বয়স্ক কেউটে সাপ উদ্ধার করল বন দফতর। পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত বেরুগ্রাম এলাকার একটি রাইস মিল থেকে উদ্ধার হয় ডিম সহ ওই কেউটে সাপটি। বিষধর সাপ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। এলাকায় আগেও একাধিক বিষধর সাপ উদ্ধার হয়েছে।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, পূর্ব বর্ধমান জেলার বাদুলিয়ার বেরুগ্রাম এলাকায় একটি নির্মীয়মাণ রাইস মিলের ভিতরে ইট-বালি রাখা ছিল। সেখানেই ইটের মধ্যে বাচ্চা দিয়েছিল কেউটে সাপটি। সোমবার সকালে মিস্ত্রিরা নির্মাণের কাজ করার সময় সাপের শব্দ শুনতে পায়। এরপর কর্মরত মিস্ত্রিরা অনেক খোঁজাখুঁজির পর ইটের সারির ফাঁকে সাপটিকে খুঁজে পায়। এই খবর ছড়িয়ে পড়তেই সাপটিকে দেখতে স্থানীয়রা এলাকায় ভিড় জমিয়ে দেন নির্মীয়মাণ মিলের ভেতর। সাপটিকে উদ্ধার করতে তৎক্ষণাৎ খবর দেওয়া হয় বন দফতরকে।
বন দফতরের উদ্ধারকারী দল খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে যান। এরপর বন দফতরের আধিকারিকদের নেতৃত্বে ক্যাচারের সাহায্যে মা কেউটে সাপ সহ দশটি ডিম উদ্ধার করে তাঁরা। পরবর্তীকালে ডিম সহ সাপটিকে বর্ধমানের বন দফতরে নিয়ে আসা হয়। বন দফতর সূত্রে জানা গিয়েছে, এটি একটি কেউটে প্রজাতির পূর্ণ বয়স্ক বিষাক্ত সাপ। সাপটি চার ফুট লম্বা বলেই জানা গিয়েছে।
এ প্রসঙ্গে বন দফতরের এক আধিকারিক বলেন,‘আমাদের টিম পৌঁছে ডিম সহ সাপটিকে উদ্ধার করে নিয়ে আসেন। বর্তমানে বন দফতরের তত্ত্বাবধানেই রয়েছে মা কেউটে ও তার ডিম গুলি।’

About Post Author