Home » ঘনজঙ্গলে বিরাজ করছেন দেবী শ্যামরূপা

ঘনজঙ্গলে বিরাজ করছেন দেবী শ্যামরূপা

সময় কলকাতা ডেস্কঃ মেঠো পথ। শাল মহুয়া পিয়ালের ঘন জঙ্গল। গা ছমছমে পরিবেশ। দুর্গাপুর স্মার্ট সিটির জাঁকজমক আলোকসজ্জার আড়ালেই হাজার বছরেরও বেশি গড় জঙ্গলের ভেতর গা ছমছমে পরিবেশে বিরাজ করছেন দেবী শ্যামরূপা। নিত্যদিনই ভক্তদের সমাগম হয় চোখে পরার মত। অজয় নদ পেরিয়ে একদিকে বীরভূম, অন্যদিকে, পশ্চিম বর্ধমান। মাঝে প্রায় ১০ কিলোমিটার গভীর জঙ্গল। ঘন জঙ্গলের বুকেই লাল মাটির রাস্তা পেরিয়ে রয়েছে গড়জঙ্গলের শ্যামরূপা দেবীর মন্দির। প্রায় হাজার বছর ধরে দেবী দুর্গারূপেই পূজিত হয়ে আসছেন মা শ্যামরূপা। শহরের যান্ত্রিকতা এড়িয়ে সবুজ প্রকৃতির কোলে দুর্গাপুজোর আনন্দ উপভোগ করতে বিভিন্ন প্রান্তের মানুষের ভিড় লক্ষ্য করা যায়।

কথিত আছে, রাজা লক্ষণ সেন গৌড় রাজ্য ত্যাগ করে গড় জঙ্গলে আত্মগোপন করেছিলেন। তখন থেকেই শুরু করেছিলেন শ্যামরূপা দেবীর পুজো। লক্ষণ সেন চলে যাওয়ার পর রাজা ইছাই ঘোষকে পুজোর দায়িত্ব দিয়েছিলেন। লোকমুখে শোনা যায়, রাজা ইছাই ঘোষকে শ্যামরূপা দেবী অষ্টমীর দিন যুদ্ধে যাওয়ার স্বপ্নাদেশ দেন। কিন্তু, দেবীর নির্দেশ না মেনেই সপ্তমীর দিন যুদ্ধে গিয়ে পরাজিত হন রাজা ইছাই ঘোষ। তারপরেই ইছাই ঘোষের অনুচরেরা শ্যামরূপা দেবীর মূর্তি মন্দিরের অদূরেই দ্বীপসায়েরের জঙ্গলে ভাসিয়ে দেয়। পরে সেখানে অষ্টধাতুর মূর্তি বসিয়ে পুজো শুরু হয়। শোনা যায় এক সময় কাপালিকদেরও বাস ছিল সেখানে। নরবলিও হত। সেই নরবলি বন্ধ করেছিলেন ভক্তকবি জয়দেব।

দিন পেরিয়েছে। কিন্তু এখনও একই নিয়মে গভীর জঙ্গলের মাঝেই রীতি মেনে চলছে পুজো। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। আসছে দুর্গাপুজো। পুজো উপলক্ষ্যে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। দুর্গাপুজোর সময় প্রায় কুড়ি থেকে ৩০ হাজার ভক্তের সমাগম নজরে আসে এই মন্দিরে।

About Post Author