সময় কলকাতা স্পোর্টস ডেস্ক :
বাংলার এমন বহু খেলোয়াড় রয়েছেন যাদের কথা আমরা ভুলতে বসেছি এবং যাদের অবদান ভারতীয় ক্রীড়াক্ষেত্রে অনস্বীকার্য।এমনই এক কিংবদন্তী ক্রিকেটারের নাম প্রেমাংশু চ্যাটার্জী (১৯২৭-২০১১)।আলোচনা করা যাক তাঁকে নিয়ে, আলোচনার বিষয় ক্রিকেটে তাঁর অবদান।
এক ইনিংসে ২০ রানে ১০ উইকেট। প্রথমে দেখে পাঠকের চোখে টাইপিং এরর মনে হতেই পারে। মনে হতে পারে অবিশ্বাস্য ।অথচ ৬৪ বছর আগে রঞ্জিতে এরকম রেকর্ড গড়েছিলেন এক বাঙালি পেসার।রঞ্জি ট্রফি অথবা ভারতের সবধরণের প্রথম শ্রেণীর ক্রিকেটে এই বোলিং রেকর্ড আজও সেরা । এক ইনিংসে বিশ্বে প্রথম কয়েকটি সেরা বোলিং বিশ্লেষণের মধ্যে আজও রয়েছে আসামের বিরুদ্ধে গড়া এই রেকর্ড । তিনি চলে গেছেন বছর দশেক হয়ে গেল । খুব স্বল্পায়ু ছিলেন না তিনি, অথচ তাঁর নাম এরমধ্যেই আমরা ভুলতে বসেছি অথবা আমাদের অনেকেই জানি না তাঁর নাম।তিনি প্রেমাংশু চ্যাটার্জী।
ব্রিটিশ ভারতে ক্রিকেট শুরু করে সাড়া ফেলেছিলেন তরুণ প্রেমাংশু। তখন ভারতে পাটা উইকেট বেশি হত। পেসারদের চেয়ে স্পিনাররা বেশি প্রাধান্য পেয়েছেন কপিল দেবের আবির্ভাবের আগে পর্যন্ত।কদর পান নি প্রেমাংশু,স্বাধীন ভারতে বাংলার হয়ে প্রায় তেরো বছর খেললেও জাতীয় নির্বাচকরা ডাকেন নি তাঁকে।
৩২ টি প্রথম শ্রেণীর ম্যাচে ১৩৪ টি উইকেট পেয়েছিলেন প্রেমাংশু চ্যাটার্জী। স্বাভাবিকভাবেই এরমধ্যে সেরা ১৯৫৭ সালে আসামের বিরুদ্ধে ইনিংসে দশ উইকেট পাওয়ার কৃতিত্ব। তবে এছাড়াও,১৯৫৬ সালে রঞ্জিতে একম্যাচে মধ্য প্রদেশের বিরুদ্ধে ১৫ উইকেট পেয়েছিলেন তিনি । প্রথম শ্রেণীর ক্রিকেটে পাঁচ উইকেট পেয়েছেন ১১ বার।

পুরো নাম প্রেমাংশু মোহন চ্যাটার্জী। কলকাতার বাঁ হাতি পেসারের ভারতের হয়ে খেলার সৌভাগ্য হয় নি। বঞ্চিত থেকেছেন বরাবর। অথচ প্রথম শ্রেণীর ক্রিকেটে ঈর্ষা জাগানো বোলিং গড় যা কিনা ১৭.৭৫।১৯৪৭ থেকে ১৯৬০ সাল পর্যন্ত প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন।সৌরভ গাঙ্গুলি ছাড়া যে কয়েকজন বিশ্বমানের ক্রিকেটার বাংলার হয়ে খেলেছেন প্রেমাংশু চ্যাটার্জী ছিলেন তাঁদের মধ্যে অন্যতম।।


More Stories
শক্তিশালী দল গড়ছে মোহনবাগান, রেকর্ড অর্থে এলেন ছাঙতে
আর্জেন্টিনা এখন টিএমসির মতো : দিলীপ ঘোষ
বিশ্বকাপের নতুন মারাদোনা কে?