Home » ভয়াবহ বন্যার সম্মুখীন কর্নাটকের বেঙ্গালুরু

ভয়াবহ বন্যার সম্মুখীন কর্নাটকের বেঙ্গালুরু

সময় কলকাতা ডেস্কঃ ৫ দিন ধরে লাগাতার বৃষ্টি চলছে কর্নাটকের বেঙ্গালুরু শহরে। আর প্রবল বৃষ্টির কারণেই বন্যার সম্মুখীন এখন বেঙ্গালুরু শহর। ডুবে গিয়েছে অধিকাংশ রাস্তাঘাট। জল জমার কারণে বন্ধ রাখা হয়েছে বহু স্কুল। অফিস-আদালত কিছু খোলা থাকলেও কর্মীর উপস্থিতি অনেক কম।

প্রবল বৃষ্টির কারণে বিপত্তি, তারই মাঝে আবার নতুন বিপত্তি। বিগত দুদিন ধরে পানীয় জল সরবরাহ সম্পূর্ণ বন্ধ। ফলে বেঙ্গালুরু শহরে এখন পানীয় জলের হাহাকার। দেশের তথ্য প্রযুক্তি রাজধানী বেঙ্গালুরু শহরের কয়েকটি হ্রদ উপচে পড়ার কারণে একাধিক অঞ্চল জলমগ্ন। সবজাপুর রোডের রেনবো ড্রাইভ লেআউট এবং সানি ব্রিক্স লেআউট এর মত এলাকায় নামাতে হয়েছে উদ্ধারকারী বোট। মুখ্যমন্ত্রী বাসবরাজ বোমাই বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য ৩০০ কোটি টাকা মঞ্জুর করেছেন। বিভিন্ন অঞ্চলে নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা দপ্তর এবং এসডিআরএফ এর কর্মীদের। নৌকা করে অন্যত্র পানীয় জলের সন্ধানে ঘুরে বেড়াচ্ছেন বহু মানুষ।

বেঙ্গালুরু জল সরবরাহ এবং নিকাশি বোর্ড বিডাব্লুএসএসবি’র পক্ষ থেকে জানানো হয়েছে, কাবেরী নদী থেকে জল পরিশুদ্ধ এবং সরবরাহ করার যন্ত্রপাতি প্রবল বৃষ্টির কারণে ক্ষতি হওয়ায় পানীয় জলের পরিষেবা সাময়িকভাবে বিঘ্নিত হচ্ছে। ইতিমধ্যে নগর উন্নয়ন সচিব এবং অন্যান্য আধিকারিকরাও বন্যা বিপর্যস্ত অঞ্চল পরিদর্শন এবং পাশাপাশি নাগরিক পরিষেবা দেওয়ার লক্ষ্যে উপযুক্ত পদক্ষেপ নিচ্ছেন। নগর উন্নয়ন নিগমের তরফ থেকে শহরের জল নিষ্কাশনের জন্য তৎপরতার সঙ্গে পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এই প্রবল বৃষ্টি যদি ক্রমাগত হতে থাকে আরও বিপর্যস্ত চেহারা নেবে বেঙ্গালুরু শহর।

About Post Author