Home » বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে পাকিস্তানে রাষ্ট্রসংঘের প্রধান

বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে পাকিস্তানে রাষ্ট্রসংঘের প্রধান

সময় কলকাতা ডেস্কঃ একদিকে প্রবল অর্থনৈতিক সঙ্কট। তারই মধ্যে বিধ্বংসী বন্যায় বিপর্যস্ত পাকিস্তান। দেশের বিভিন্ন এলাকা ইতিমধ্যেই জলমগ্ন হয়ে গিয়েছে। প্রায় সাড়ে তিন কোটি মানুষ বন্যা বিপর্যস্ত হয়ে আটকে পড়েছেন। এই সংকটের মুহুর্তে দেশটিতে পৌঁছলেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। জানা গিয়েছে, পাকিস্তান সরকারের শীর্ষ আধিকারিকদের সঙ্গে দেখা করবেন এবং বন্যা বিধ্বস্ত এলাকাগুলিও ঘুরে দেখবেন তিনি।

শুক্রবার দু’দিনের সফরে ইসলামবাদ পৌঁছন গুতেরেস। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতেই তার এই সফর বলে জানা গিয়েছে। রাষ্ট্রসংঘের মহাসচিব টুইট করে জানান, ”বন্যা বিপর্যয়ে পাকিস্তানের পাশে দাঁড়াতে ও সহমর্মিতা প্রকাশ করতে আমি এখানে এসেছি। এই বিপর্যয়ের মোকাবিলায় পাকিস্তানের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক মঞ্চের কাছে আবেদন জানাচ্ছি।”

প্রবল বন্যায় বিপন্ন মহেঞ্জোদারোর ধ্বংসাবশেষও। আশঙ্কা, চিরকালের জন্য কালের গর্ভে বিলীন হয়ে যেতে পারে মহেঞ্জোদারোর ধ্বংসাবশেষ। সিন্ধু নদের তীরে অবস্থিত সাড়ে ৪ হাজার বছর আগের প্রাচীন সভ্যতার এই নিদর্শন ইউনেস্কোর ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে’র অন্তর্গত। গোটা বিশ্বের কাছে যা এক বিস্ময়! তা এবার ধ্বংস হয়ে যেতে বসেছে প্রবল বন্যায়। প্রায় ৫ হাজার বছর আগের বহু দেওয়াল ভেঙে পড়েছে বৃষ্টির প্রকোপে। লাগাতার বৃষ্টিতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর।

ইতিমধ্যেই দেশের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান জেনারেল কামার বাজওয়া। পরিস্থিতি মোকাবিলায় বেলুচিস্তানের জন্য পাক মুদ্রায় ১ হাজার কোটি এবং সিন্ধু প্রদেশের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। তবে শুধু আর্থিক পরিস্থিতি নয়, একই সঙ্গে পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। পাশাপাশি বাড়ছে দেশের জটিলতা।

About Post Author