Home » পাথর ছোড়ার অভিযোগে গ্রেপ্তার ৯ বিজেপি কর্মী

পাথর ছোড়ার অভিযোগে গ্রেপ্তার ৯ বিজেপি কর্মী

সময় কলকাতা ডেস্কঃ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মিছিল থেকে পাথর ছোঁড়ার ঘটনায় ৯ জন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে তারকেশ্বর থানার পুলিশ। তাদের শুক্রবার আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার মিছিল ভিডিওগ্রাফি করা হয়েছিল পুলিশের তরফ থেকে। সেই ভিডিওগ্রাফি এবং এলাকার সিসিটিভি ফুটেজ দেখে পাথর ছোঁড়ার ঘটনায় সরাসরি যুক্ত বিজেপি কর্মীদের চিহ্নিত করে গ্রেপ্তার করে পুলিশ।

উল্লেখ্য, আগামী ১৩ সেপ্টেম্বর নবান্ন অভিযানের ডাক দিয়েছে বিজেপি। তার প্রাক্কালে রাজ্যের বিভিন্ন জায়গায় সেই অভিযানের প্রস্তুতিতে মিছিল ও সভা করছে গেরুয়া শিবির। বৃহস্পতিবার, বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার উদ্যোগে একটি মিছিল ও প্রস্তুতি সভার আয়োজন করা হয় হুগলির তারকেশ্বরে। তারকেশ্বরে এই মিছিলে যোগ দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মিছিল শুরু হয় তারকেশ্বর জয় কৃষ্ণ বাজার মোড় থেকে। মিছিল চলাকালীন চাউল্পট্টি এলাকায় শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখানোর অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে এবং মিছিলে পাথর ছোঁড়া হয় বলেও অভিযোগ ।পাল্টা বিজেপি কর্মীরাও পাথর ছোঁড়ে।পাথরের আঘাতে দশ জন মহিলা তৃণমূল কর্মী আহত হন। তাদের তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে তৃণমূলের পক্ষ থেকে তারকেশ্বর থানায় লিখিত অভিযোগ জানানো হয়। তার প্রেক্ষিতেই শুক্রবার ৯ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

About Post Author