Home » ১৪ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ সত্যেন্দ্রর

১৪ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ সত্যেন্দ্রর

সময় কলকাতা ডেস্ক: বাগুইআটি জোড়া খুনকাণ্ডের মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী তোলা হয় বারাসাত আদালতে। পুলিশ হেফাজতের আবেদন জানান হয়। কিন্তু তাকে ১৪ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।শুক্রবার সকালে হাওড়া স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ঘটনায় জড়িত অন্যান্যদের হদিশ পেতে চাইছে তদন্তকারীরা।

জোড়া খুনকাণ্ডে বেশ কয়েকদিন ধরে উত্তাল বাগুইআটি। কিন্তু মূল অভিযুক্ত ছিল ফেরার। মূল অভিযুক্ত সত্যেন্দ্রর রাজ্যজুড়ে তল্লাশি শুরু করে বিধাননগর কমিশনারেট ও সিআইডি। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার সকালে হাওড়া স্টেশন থেকে সত্যেন্দ্রকে গ্রেপ্তার করে পুলিশ। ভিনরাজ্যে পালানোর চেষ্টা করছিল বলে অনুমান তদন্তকারী আধিকারিকদের ।

উল্লেখ্য, গত ২২ অগাস্ট বাগুইআটি থেকে দুই মাধ্যমিক পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগ ওঠে। পিসতুতো ভাই অভিষেক নস্করকে সঙ্গে নিয়ে প্রতিবেশী জামাইবাবু সত্যেন্দ্রর সঙ্গে বেরিয়েছিল অতনু দে। সত্যেন্দ্র চৌধুরীই আর কয়েকজনকে সঙ্গে নিয়ে এই অপহরণের ছক কষেছিল বলে দাবি পুলিশের। এরপর বাসন্তী হাইওয়ের উপর নিয়ে গিয়ে গাড়িতেই শ্বাসরোধ করে খুন করে তাদের মৃতদেহ ক্যানালের জলে ফেলে দেওয়া হয়।এরপর  ১ কোটি টাকা মুক্তিপণ চেয়ে মেসেজ যায় অতনুর বাবার কাছে। পুলিশের দ্বারস্থ হন অতনুর বাবা। ১৪ দিন পর উদ্ধার হয় ২ কিশোরের দেহ। এই খুনের ঘটনায় বাকিদের ধরা গেলেও মূল অভিযুক্ত সত্যেন্দ্রর নাগাল পায়নি পুলিশ। শেষমেশ শুক্রবার সকালে হাওড়া স্টেশন চত্বর থেকে তাকে গ্রেফতার করে বিধাননগর কমিশনারেটের পুলিশ।

About Post Author