Home » পাখির চোখ ২০২৪, বিজেপির নেতৃত্বে রদবদল বিভিন্ন রাজ্যে

পাখির চোখ ২০২৪, বিজেপির নেতৃত্বে রদবদল বিভিন্ন রাজ্যে

সময় কলকাতা ডেস্কঃ বিজেপির পাখির চোখ এখন ২০২৪ এর লোকসভা নির্বাচন। একদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ৩৫৭০ কিলোমিটার ভারত জোড়া যাত্রা শুরু করেছেন। তখন ২০২৪ এর নির্বাচনকে মাথায় রেখে বিভিন্ন রাজ্যের সংগঠন আরও মজবুত করল বিজেপি। শুক্রবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বিভিন্ন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির প্রতিনিধিদের একটি তালিকা প্রকাশ করেন। যে তালিকায় একাধিক প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রীসহ সাংসদেরা রয়েছেন।

পাঞ্জাব এবং চন্ডিগড়ের দায়িত্ব দেওয়া হয়েছে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাানিকে। আম আদমি পার্টি পাঞ্জাব দখলের পর অনেকটাই ব্যাক ফুটে রয়েছে পাঞ্জাব বিজেপি। দলীয় সংগঠনকে আরও মজবুত এবং ২০২৪ এর নির্বাচনে ভালো ফলাফলের আশায় বিজয়ে রুপানিকে দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে হরিয়ানায় বিজেপি সরকার। কিন্তু ২০১৯ এর নির্বাচনে আগের তুলনায় আসন সংখ্যা অনেকটাই কমে যাওয়ায় কপালে চিন্তার ভাঁজ ছিল বিজেপির। সেই চিন্তা নিরসনের উদ্দেশ্যে হরিয়ানার নির্বাচনী কাজ দেখার জন্য পাঠানো হচ্ছে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে। নজরে রয়েছে কেরল তাই কেরলের দায়িত্বে পাঠানো হচ্ছে বিজেপির দাপুটে নেতা প্রকাশ জাভড়েকরকে।

সম্প্রতি ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন বিপ্লব দেব। তার জায়গায় মুখ্যমন্ত্রী হয়েছেন মানিক সাহা। সেই ত্রিপুরায় বিজেপির নির্বাচনী দায়িত্ব দেওয়া হচ্ছে মহেশ শর্মাকে। পাশাপাশি বিভিন্ন রাজ্যেও রদবদল আনা হয়েছে বিজেপি নেতৃত্বের। এক একটি রাজ্যে প্রভারী ও সহ প্রভারী পদে আনা হয়েছে নতুন নতুন মুখ। বিহারের প্রভারী পদে আনা হয়েছে বিনোদ তাওয়ারকে, আর সহ প্রভারী পদে আনা হয়েছে সংসদ হরিশ দ্বিবেদিকে। ছত্রিশগড়ের প্রভারী ও সহ প্রভারী পদে আনা হয়েছে ওম মাথুর ও সাংসদ নীতিন নবীনকে। ঝাড়খণ্ডের দায়িত্ব দেওয়া হয়েছে সংসদ লক্ষীকান্ত বাজপেয়ীকে। ডক্টর রাধামোহন আগরওয়ালকে দায়িত্ব দেওয়া হয়েছে লাক্ষাদ্বীপের। মধ্যপ্রদেশের প্রভারী হিসেবে নিয়ে আসা হয়েছে পি মুরলিধর রাওকে। মধ্যপ্রদেশের সংগঠনকে আরও মজবুত করার উদ্দেশ্যে দুইজন সহ প্রভারী নিযুক্ত করা হয়েছে। দায়িত্ব দেওয়া হয়েছে শংকর মুন্ডে ও রাম শংকর কাঠেরিয়াকে। তেলেঙ্গানাতে ও দুই অভিজ্ঞ বিজেপি নেতৃত্বকে পাঠানো হচ্ছে বিজেপির তরফ থেকে প্রভারী তরুণ চুগ ও সহ প্রভারী অরবিন্দ মেনন যিনি একদা পশ্চিমবঙ্গের দায়িত্বে ছিলেন। রাজস্থানের দায়িত্ব দেওয়া হয়েছে সাংসদ অরুণ সিংকে। পাশাপাশি নর্থ ইস্ট রাজ্যগুলির কনভেনার নিযুক্ত করা হয়েছে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্রকে। জেপি নাড্ডার ঘোষিত এই তালিকায় একাধিক প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রাক্তন মন্ত্রী ,কেন্দ্রীয় মন্ত্রীসহ বহু বিজেপির নেতৃত্ব দায়িত্ব পাওয়ায় বিজেপির তরফ থেকে মনে করা হচ্ছে ২০২৪ এর নির্বাচনে ভালো ফল করবে বিজেপি। বিজেপির এখন একটাই লক্ষ্য ২০২৪ এর নির্বাচনে ভালো ফল করে, পুনরায় ক্ষমতা দখল।

About Post Author