সময় কলকাতা ডেস্কঃ একের পর এক দুর্নীতিতে নাম জড়াচ্ছে রাজ্যের শাসক দলের। যা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। আর এর মধ্যে ফের দুর্নীতির অভিযোগ উঠল মালদহে তৃণমূল কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ। মালদা জেলা শাসককে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
ইংরেজ বাজার ব্লকের অন্তর্গত ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান রহিমা বিবির বিরুদ্ধে প্রধানমন্ত্রী আবাস যোজনা, পুকুর খনন, রাস্তা তৈরি সহ একাধিক প্রকল্পে প্রায় ১২ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ, এনআরইজিএস প্রকল্পে কোটি কোটি টাকা দুর্নীতি করেছেন তৃণমূল প্রধান। ভুয়ো স্কিম তৈরি করে একাধিক প্রকল্পের টাকা তুলেছেন তিনি। এই অভিযোগ তুলে চলতি বছরে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেন পঞ্চায়েতের নির্দল সদস্য আরসি বিবির স্বামী আবদুল আরেফ। এই অভিযোগের ভিত্তিতে মালদা জেলা শাসককে চলতি বছরের ১৬ আগস্ট ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের দুর্নীতির তদন্তের নির্দেশ দেন কলকাতা হাইকোর্ট।
স্থানীয়দের অভিযোগ, তাদের নামে স্কিম এসেছে। সেই স্কিমের কাজ না করেই টাকা আত্মসাৎ করা হয়েছে। অথচ তারা জানেনই না। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে ঘর দেওয়ার ফর্ম ফিলাপ থেকে শুরু করে ঘর দেওয়া পর্যন্ত দশ হাজার টাকা করে নেওয়া হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত তারা ঘর পাননি। রাস্তা হয়নি তবুও রাস্তার বরাদ্দ টাকা তুলে নেওয়া হয়েছে।
এই বিষয়ে মানিকচকের গত বিধানসভার বিজেপি প্রার্থী তথা মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌড়চন্দ্র মণ্ডল জানান, ”যেখানে তৃণমূল সেখানেই দুর্নীতি। তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতগুলিতে দুর্নীতির আখড়া তৈরি হয়েছে। কেন্দ্রীয় সরকারের কোটি কোটি টাকা আত্মসাৎ করছে তৃণমূল প্রধানরা। ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে সেই রকমই কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে। তৃণমূল সরকার সাধারণ মানুষের জন্য নয়।”

এপ্রসঙ্গে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী জানান, ”আদালত দুর্নীতি তদন্তের জন্য জেলা শাসককে নির্দেশ দিয়েছেন। তদন্ত হোক। কোনটা সত্যি কোনটা মিথ্যে সামনে আসুক। সঠিক তদন্ত হলে দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে।” যদিও এই বিষয়ে ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান কোন প্রতিক্রিয়া দেননি।


More Stories
বিধায়ক শঙ্করের হাত ধরে বারাসাতে সৃজন, কর্মসংস্থানের বিপুল সম্ভাবনা
হেলমেট নেই, পুলিশের হাতে হোমগার্ডের জরিমানা
মিলেছে”প্রমাণ “, বারাসাত কলেজে গোপনে মদ্যপান ও যৌনশিক্ষার আসর চলার অভিযোগ