Home » সাধ খেলেন হবু মা বিপাশা

সাধ খেলেন হবু মা বিপাশা

সময় কলকাতা ডেস্কঃ বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার তাঁদের পরিবারের নতুন সদস্যকে স্বাগত জানাতে প্রস্তুত। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। প্ৰকাশ্যে এল বিপাশা বসুর সাধের ছবি। না, কোনও কন্টিনেন্টাল বা বিদেশি খাবার নয় বরং বিপাশা এদিন মন ভরে বাঙালি পদে মজলেন। মেনুতে বিভিন্ন রকমের সুস্বাদু খাবারের ঝলক এল সোশ্যাল মিডিয়া পোস্ট মারফৎ।

এই বিশেষ অনুষ্ঠানটি বাঙালি ঐতিহ্যে সাধ নামেই পরিচিত এবং হবু মাকে তাঁর প্রিয় খাবার খাওয়ানোর মাধ্যমে সেলিব্রেট করা হয়। বিপাশা বসু বাড়িতে তাঁর সাধ কীভাবে পালন হল সেই ছবি এবং একটি রিল শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে। বিপাশা তাঁর বিশেষ দিনে সেজেওছিলেন বাঙালি সাজে। সঙ্গে সামনে সাজানো মনের মত বাঙালি খাবার। এখন শুধু নতুন অতিথি আসার অপেক্ষা।

২০১৫ সালে ‘অ্যালোন’ ছবির সেটে বিপাশা ও করণের আলাপ হয়েছিল। সেটেই শুরু হয় করণ ও বিপাশার বন্ধুত্ব। সেই বন্ধুত্ব সময়ের চাকায় গড়িয়েছে। প্রেমে পড়েছেন একে অপরের। এরপর ২০১৬ সালের ৩০ এপ্রিল। ধুমধাম করে বাঙালি সাজে সাজিয়ে পাঞ্জাবি বরকে বিয়ে করলেন বিপাশা। কে ছিল না সেই বিয়েতে! সলমন খান থেকে শুরু করে, অভিষেক বচ্চন, ঐশ্বর্যা রাই বচ্চন– চাঁদের হাট বসেছিল! নিন্দুকেরা অবশ্য নাক কুঁচকেছিলেন। করণের আগের দুইটি বিয়ের মত এই বিয়েও ভেঙে যাবে বছর খানেকের মধ্যেই – এমন কাণাঘুষোও শোনা গিয়েছিল। কিন্তু সেই সম্পর্ক সময়ের ফেরে কেবল মজবুত হয়েছে। বিবাহিত জীবনের ছ’বছর পার করে নতুন অতিথিকে স্বাগত জানাতে প্রস্তুত বসু-গ্রোভার পরিবার।

About Post Author