Home » ভাইজানকে হত্যার ছক মুসেওয়ালার হত্যাকারীদের

ভাইজানকে হত্যার ছক মুসেওয়ালার হত্যাকারীদের

সময় কলকাতা ডেস্কঃ চাঞ্চল্যকর তথ্য! বলিউড সুপারস্টার সলমন খানকে হত্যার পরিকল্পনা। পাঞ্জাব পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিধু মুসেওয়ালার হত্যাকারীই এই পরিকল্পনা করে। এই জন্য মুম্বইয়ে গিয়ে রেইকি পর্যন্ত করে এসেছিল সে, রবিবার এমনটাই জানিয়েছে পঞ্জাব পুলিশের এক উচ্চ পদস্থ আধিকারিক।

শনিবার, পশ্চিমবঙ্গ-নেপাল সীমান্ত থেকে নেপাল পুলিশের হাতে গ্রেফতার হয় মুসেওয়ালা হত্যার অন্যতম অভিযুক্ত দীপক মুন্ডি এবং তাঁর দুই সাগরেদ কপিল পণ্ডিত এবং রাজিন্দর নামে এই তিনজন। এরপর পঞ্জাব পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তদের, মানসার আদালত তাদের সাত দিনের পুলিশ কাস্টডি মঞ্জুর করেছে।

পুলিশ জানিয়েছে, লরেন্স বিষ্ণোইয়ের নির্দেশে সলমন খানকে হত্যার ছক তৈরি করতে মুম্বই হাজির হয়েছিল গ্রেফতার হওয়া কপিল পণ্ডিত। সলমন খানের হত্যার পরিকল্পনার ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে মুসেওয়ালা হত্যায় অভিযুক্ত অন্যদেরও জেরা করা হবে বলে জানিয়েছে পঞ্জাব পুলিশের ডিজি গৌরব যাদব। সিধু মুসেওয়ালাকে নৃশংস হত্যাকাণ্ডের রেশ এখনও কাটিয়ে উঠতে পারেনি গোটা দেশ। আর তার মাঝেই এই তথ্য আতঙ্ক ছড়িয়েছে।

উল্লেখ্য, গত জুন মাসে প্রাতর্ভ্রমণের সময় এক হুমকি ভরা চিঠি পান সলমন খানের বাবা সেলিম খান। তাতে পরিষ্কার তাকে হত্যা করার কথা জানানো হয়। সেলিম খানের নিরাপত্তারক্ষীরা ওই হুমকি চিঠিটি আবিষ্কার করেন। প্রতিদিন সকালবেলা হাঁটতে বেরোন সেলিম খান। তাঁর সঙ্গে থাকেন নিরাপত্তারক্ষীরা। হাঁটার পর প্রতিদিন একটি নির্দিষ্ট বেঞ্চে বসেন তিনি। সেই খানেই উদ্ধার করা হয় চিঠিটি। তাতে লেখা ছিল, ‘তোমার পরিণতিও হবে মুসেওয়ালার মতোই’।

 

About Post Author