সময় কলকাতা ডেস্কঃ সম্প্রতি ‘মানিকে মাগে হিথে’ গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন শ্রীলঙ্কার কন্যা ইওহানি ডি’সিলভা। রাতারাতি সেলিব্রিটিও হয়ে উঠেছিলেন ইওহানি। এবার ইওহানি পা দিতে চলেছেন বলিউড ছবির গানে। জানা গিয়েছে, তাঁর গাওয়া ‘মানিকে মাগে হিথে’ গানটি হিন্দিতে গাইতে চলেছেন তিনি।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে অজয় দেবগন ও সিদ্ধার্থ মালহোত্রার নতুন ছবি ‘থ্যাংক গডে’র ট্রেলার। ইতিমধ্যেই ট্রেলার নজরও কেড়েছে সিনেপ্রেমী মানুষদের। আর এবার এই ছবিতেই ইওহানি ডি’সিলভা গাইবেন ‘মানিকে মাগে হিথে’ হিন্দি ভার্সান।
একটি সাক্ষাৎকারে সংবাদমাধ্যমকে ইওহানি জানিয়েছেন,’হিন্দি ভাষাটা শেখাই আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। হিন্দি গান আমি অনেক শুনেছি। ছোটবেলা থেকেই হিন্দি সিনেমার গান শুনি। কিন্তু কোনও সিনেমার জন্য গান গাওয়া সম্পূর্ণ আলাদা বিষয়। সেখানে আমাকে একজন অভিনেত্রীর গলায় গাইতে হবে। এর আগে এসব কখনও করিনি। তাই এটা আমার কাছে অনেক বড় চ্যালেঞ্জ ছিল।’
যদিও আইনি বিপাকে অজয় দেবগন ও সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ছবি ‘থ্যাঙ্ক গড’। ছবির বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ আনা হয়েছে। শোনা গিয়েছে, উত্তরপ্রদেশের জওনপুর আদালতে এই অভিযোগ দায়ের করেছেন হিমাংশু শ্রীবাস্তব নামের একজন আইনজীবী।

শ্রীবাস্তবের অভিযোগ, সিনেমার ট্রেলারেই হিন্দু ধর্ম নিয়ে মশকরা করা হয়েছে। পাশাপাশি হিন্দু ধর্মের মানুষদের ভাবাবেগে আঘাত হানা হয়েছে। ছবিতে চিত্রগুপ্তর ভূমিকায় অভিনয় করেছেন অজয় দেবগন। শ্রীবাস্তবের দাবি, চিত্রগুপ্তকে কর্মফলের দেবতা হিসেবে মনে করা হয়। তিনি মানুষের ভাল ও মন্দ কাজের হিসেব করেন। এমন ব্যক্তিত্ব মুখে আপত্তিকর সংলাপ দেওয়া হয়েছে বলেও অভিযোগ আইনজীবীর।


More Stories
বাংলা নববর্ষের ইতিহাস
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
বেজি কি সাপের বিষে কাবু হয় না?