Home » আর্থিক তছরুপ মামলায় ৮ ঘণ্টা জেরা জ্যাকলিনকে

আর্থিক তছরুপ মামলায় ৮ ঘণ্টা জেরা জ্যাকলিনকে

সময় কলকাতা ডেস্কঃ ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় বুধবার প্রায় ৮ ঘণ্টা ধরে জ্যাকলিন ফার্নান্ডেজকে জিজ্ঞাসাবাদ চালাল ইডি। সূত্রের খবর অনুযায়ী, এই জিজ্ঞাসাবাদে অভিনেত্রীর উত্তরে খুব একটা সন্তুষ্ট নন ইডি আধিকারিকরা। অভিনেত্রীর বয়ানে মিলেছে প্রচুর অসঙ্গতি। এর আগেও একাধিকবার জ্যাকলিনকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নিজের বিভিন্ন কাজের কথা জানিয়ে হাজিরার দিন পিছনোর অনুরোধ করেছিলেন জ্যাকলিন। সোমবারও তিনি উপস্থিত না হওয়ায় তাঁকে ফের সমন পাঠায় দিল্লি পুলিশ।

গত বছরই আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিনের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। ২০০ কোটি টাকার প্রতারণা এবং আরও ২০টি আর্থিক তছরুপের মামলায় নাম জড়ানোয় দিল্লির রোহিণী জেলে বন্দি ‘ঠগবাজ’ সুকেশ। জ্যাকলিনের সঙ্গে এই সুকেশের অন্তরঙ্গ মুহূর্তের একটি ছবিও ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই সময় শোনা গিয়েছিল, জ্যাকলিনের সঙ্গে পরিচয়ের সময় জামিনে মুক্ত ছিল সুকেশ। চেন্নাইয়ে চারবার জ্যাকলিন ও তার সাক্ষাৎও হয়। তারপর থেকে বিভিন্ন সময় জ্যাকলিনকে নানা উপহার দিয়েছে। ইডির জেরায় যদিও তা নিজে মুখে স্বীকারও করেছেন জ্যাকলিন। অভিনেত্রীকে এই মামলায় বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করেছেন ইডি গোয়েন্দারা। পাশাপাশি জ্যাকলিনের বিদেশ ভ্রমণের উপরেও আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। এর আগে আর্থিক তছরূপের মামলায় জ্যাকলিনের ৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

এদিকে, ‘ঠগবাজ’ সুকেশের সঙ্গে নাম জড়ানোয় বেশ বিপাকে পড়েছেন অভিনেত্রী জ্যাকলিন। সূত্রের খবর,সলমন খানের দাবাং টু-এও তিনি এবারে যোগ দিতে পারেননি। তেমন কোনও সিনেমাতেও নাকি সুযোগ পাচ্ছেন না। ইতিমধ্যেই অভিনেত্রীকে একদফায় জিজ্ঞাসাবাদ করেছেন ইডি আধিকারিকরা। প্রায় পাঁচ ঘণ্টা ধরে সেই প্রশ্নোত্তর পর্ব চলেছিল।

About Post Author