Home » উদ্বেগজনক পজিটিভিটি রেট

উদ্বেগজনক পজিটিভিটি রেট

সময় কলকাতা ডেস্ক: শুরু হয়ে গিয়েছে উৎসবের মরশুম। সে কারণেই চিন্তা থেকেই যাচ্ছে মহামারীর প্রকোপ নিয়ে । বেড়েছে দেশের দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা। অ্যাকটিভ কেস কিছুটা কমলেও ঊর্ধ্বমুখী পজিটিভিটি রেট। যা উদ্বেগজনক বলে মনে করছে স্বাস্থ্যমহল।  সংক্রমণ যাতে হাতের বাইরে চলে না যায় সে কারণে উৎসবের মরশুমে প্রত্যেককে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৪২২ জন। বর্তমানে দেশের সক্রিয় রোগীর সংখ্যা ৪৬ হাজার ৩৮৯ জন। তথ্য  বলছে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩৪ জন। এই সংখ্যাটা আগের দিনের থেকে অনেকটা কম। দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৮ হাজার ২৫০ জনের। তবে বাড়ছে সুস্থতার হারও। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৯ লক্ষ ৪১ হাজার ৮৪০ জন করোনা থেকে মুক্ত হয়ে সুস্থ হয়ে ঘরে ফিরে গিয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৭১ শতাংশ।

টিকাকরণে জোর দিয়ে সংক্রমণে লাগাম টানা সম্ভব হলেও এখনও সম্পূর্ণ বিদায় নেয়নি এই মারণ ভাইরাস। তথ্য জানাচ্ছে, দেশে এখনও পর্যন্ত ডোজ করোনার টিকার পেয়েছেন ২১৫ কোটি ৯৮ লক্ষের বেশি মানুষ। পাশাপাশি, জোরকদমে চলছে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে বুস্টার ডোজ অভিযান। পুজোর মধ্যে যা শেষ করতে চাইছে কেন্দ্র।

পুজোর মরশুমে দেশের পাশাপাশি ঊর্ধ্বমুখী রাজ্যের কোভিড গ্রাফ যা নিয়ে চিন্তিত স্বাস্থ্যমহল।

About Post Author