Home » বলিউড ফের কাশ্মীরমুখী, ছবির শ্যুটিংয়ের অপেক্ষায় উপত্যকা

বলিউড ফের কাশ্মীরমুখী, ছবির শ্যুটিংয়ের অপেক্ষায় উপত্যকা

সময় কলকাতা ডেস্কঃ ফের স্বমহিমায় কাশ্মীর। দেখা যাবে আলো, ক্যামেরার ঝলকানি। জঙ্গি হামলার আতঙ্কও যেন রয়েই গিয়েছে উপত্যকায়। সেই আতঙ্ককে দূরে সরিয়েই বলিউড ফের কাশ্মীরমুখী হওয়ায় হাসি ফুটেছে প্রশাসনের মুখে। ১৯৮০ সাল পর্যন্ত ভূস্বর্গ ছিল হিন্দি চলচ্চিত্র শিল্পের মূল ডেস্টিনেশন। কিন্তু তার পর পরিস্থিতি খারাপ হতে শুরু করে। তৈরি হয় আতঙ্ক। প্রায় ৩০ বছর পর ফের উপত্যকায় ফিরে আসছে চলচ্চিত্রের শ্যুটিং। বর্তমানে শ্যুটিংয়ের জন্য ৫০০টির বেশি আবেদনপত্র জমা পড়লেও, ছাড়পত্র মিলেছে ১৫০টির বেশি ক্ষেত্রে।

উপত্যকায় নতুন করে শ্যুটিং চালু হওয়ায় খুশি স্থানীয় চলচ্চিত্র নির্মাতা মুশতাক আলি খান। গুলমার্গ, পাহলগাম, সোনামার্গ, শ্রীনগর, ডাল লেকের মতো জায়গাগুলি শ্যুটিংয়ের জন্য খুলে দেওয়ায় স্বভাবতই খুশি চলচ্চিত্র নির্মাতারা। এজন্য কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার প্রশংসা করেছেন মুশতাক আলি খান। সেই সঙ্গে নতুন চলচ্চিত্র নীতি তৈরি করার জন্য লেফটেন্যান্ট গভর্নরকে ধন্যবাদও জানিয়েছেন। নতুন চলচ্চিত্র নীতিতে উৎসাহিত হয়ে আগামী দিনে আরও চলচ্চিত্র নির্মাতা উপত্যকায় আসবেন বলেই আশাপ্রকাশ করেন তিনি। এছাড়াও শ্যুটিংয়ে কাজে স্থানীয়রা যাতে অগ্রাধিকার পায়, সে ব্যাপারেও আবেদন জানিয়েছেন মুশতাক আলি খান। ১৯৯০ সালের গোড়ার দিকে নিরাপত্তার কারণে থিয়েটার হলগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু নতুন করে ভূস্বর্গে শ্যুটিং চালু হওয়ায়, চলতি মাসেই কাশ্মীরে খোলা হচ্ছে একটি মাল্টিপ্লেক্স। বলা ভালো দীর্ঘ সময় পরে কাশ্মীর তার আগের অবস্থা ফিরে পেতে চলছে।

এ প্রসঙ্গে কাশ্মীরের পর্যটন দফতরের সেক্রেটারি সারমাদ হাফিজ জানিয়েছেন, নতুন করে কাশ্মীরে বলিউডের শ্যুটিং শুরু হওয়ায় সকলেই খুশি। শ্যুটিংয়ের জন্য প্রশাসনের পক্ষ থেকে নতুন পরিকল্পনাও নেওয়া হয়েছে। বর্তমানে এ ব্যাপারে প্রচুর সাড়া মিলছে বলেও দাবি তাঁর। বর্তমানে ১৫০টি বেশি শ্যুটিং চলছে। শুধু বলিউড নয়, দক্ষিণ ভারতের অনেক চলচ্চিত্রের শ্যুটিংয়ের জন্য আবেদনপত্র জমা পড়েছে বলেই জানিয়েছেন হাফিজ। উপত্যকায় শ্যুটিংয়ের জন্য আরও ৭৫টিরও বেশি নতুন স্পট প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট করা হয়েছে বলেও জানিয়েছেন কাশ্মীরের পর্যটন দফতরের সেক্রেটারি। এই স্পটগুলি শ্যুটিংয়ের জন্য উপযুক্ত বলেই মনে করছেন তিনি।

About Post Author