Home » টিটাগড় বোমা বিস্ফোরণকাণ্ডে নয়া মোড়

টিটাগড় বোমা বিস্ফোরণকাণ্ডে নয়া মোড়

সময় কলকাতা ডেস্কঃ টিটাগড়ের ফ্রি ইন্ডিয়া হাই স্কুলে বোমা বিস্ফোরণ কাণ্ডে নয়া মোড়। ২৪ ঘন্টা কাটতে না কাটতেই শনিবার অভিযুক্ত ৪ জনকে গ্রেপ্তার করল টিটাগড় থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত মহম্মদ আরিয়ান, বাবলু, সাদিক এবং রেহান ওই এলাকারই বাসিন্দা। ধৃতদের মধ্যে একজন ওই স্কুলেরই প্রাক্তন ছাত্র। তবে এদিন ঠিক কী উদ্দেশে তারা এই ঘটনা ঘটিয়েছিল,তা তদন্ত করে দেখা হচ্ছে বলেই জানান ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। ফরেন্সির দলও ঘটনাস্থলে যায় এবং বোমার স্প্লিন্টার উদ্ধার করে পরীক্ষাগারে পাঠায়। এদিকে এই বিস্ফোরণের ঘটনায় শনিবারই সিবিআই তদন্তের দাবি তুলেছিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। অন্যদিকে এই ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখবেন বলে জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।


উল্লেখ্য, বিশ্বকর্মা পুজোর দিনই টিটাগড়ে ফ্রি ইন্ডিয়া হাই স্কুলে ক্লাস চলাকালীন বিস্ফোরণের ঘটনাটি ঘটে। যার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে স্কুল চত্বরে। সেসময় ১৩০০ ছাত্রছাত্রী উপস্থিত ছিল স্কুলে। এমনকী স্কুলবাড়ির ছাদের একাংশ উড়ে যায়। খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যান ব্যারাকপুর পুলিশের কমিশনারেটের তদন্তকারী দল। তদন্তে নেমে বিস্ফোরণের ২৪ ঘণ্টা কাটার আগেই গ্রেপ্তার হল ৪ অভিযুক্ত।

স্কুল চলাকালীন এমন ঘটনা ঘটায় স্বভাবতই আতঙ্কিত হয়ে যায় পড়ুয়ারা। অন্যদিকে, সন্তানদের নিরাপত্তার কথা ভেবে অভিভাবকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্কুলে বিস্ফোরণের খবর পেয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে সেখানে গিয়েছিলেন বারাকপুরের সাংসদ অর্জুন সিং। পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে প্রশ্নও তুলেছেন তিনি। এলাকায় আতঙ্ক ছড়ানোর জন্যই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলেই দাবি সাংসদের।

About Post Author