Home » পুজোয় বাড়তে চলেছে সরকারি বাস পরিষেবা

পুজোয় বাড়তে চলেছে সরকারি বাস পরিষেবা

সময় কলকাতা ডেস্কঃ বড় ঘোষণা রাজ্যের পরিবহণ মন্ত্রীর। এবার পুজোয় রাজ্যজুড়ে সারা রাত চালানো হবে বাস। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

পরিবহণ মন্ত্রী জানিয়েছেন,এই প্রথমবার পুজোয় সারারাত বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দিষ্ট রুটেগুলিতেই এই সরকারি বাস চলবে। যা নিয়ে পুলিশের সঙ্গে কথাও বলা হয়েছে। যে রুটগুলিতে নো এন্ট্রি থাকবে, সেগুলি এড়িয়ে বাকি রুটে রাতভর সরকারি বাস চালানো হবে বলেই জানান তিনি।
একইসঙ্গে পরিবহণমন্ত্রী জানান, পুজোর আগে কলকাতায় স্থায়ীভাবে ১০০ সরকারি বাস নামতে চলেছে। এই ১০০টি বাসের মধ্যে এসি বাসের পাশাপাশি থাকবে নন এসি বাসও। পুজোর পরে আরও ১২০টি সরকারি বাস পাবে কলকাতা। সেগুলি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে চলবে। তবে শুধু কলকাতা নয়, গোটা রাজ্যজুড়েই সরকারি বাসের সংখ্যা বাড়ানোর চিন্তাভাবনা করছে রাজ্য পরিবহণ দফতর। শহরের পাশাপাশি দূরপাল্লার বাসও বাড়ানো হতে পারে বলেই জানা যাচ্ছে। অন্যদিকে পুজোর শেষ মুহূর্তের কেনাকাটার জন্য অনেকেই শহরের অভিমুখে রওনা দেন। সেক্ষেত্রে অতিরিক্ত বাস নামানো হলে তাঁরাও উপকৃত হবেন বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, রাতে কেউ সল্টলেক থেকে দক্ষিণ কলকাতায় দুর্গাপুজো দেখতে এলে এই সরকারি বাস পরিষেবা মিলবে। আবার দক্ষিণ কলকাতা থেকে রাজারহাট যাওয়ার সময়ও এই পরিষেবা পাওয়া যাবে। হাওড়া এবং শিয়ালদা থেকে এই পরিষেবা চালু থাকবে। উত্তর ও দক্ষিণে মেট্রো পরিষেবার পাশাপাশি সারারাত বাস পরিষেবাও থাকবে।
ইতিমধ্যেই দুর্গাপুজোয় বিশেষ মেট্রো পরিষেবার কথা ঘোষণা করা হয়েছে। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত চলবে পুজো স্পেশ্যাল মেট্রো। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুটে চলবে ট্রেনগুলি। পাশাপাশি, ইস্ট ওয়েস্ট লাইনের জন্যও ঘোষণা করা হয়েছে স্পেশাল মেট্রোর। শুধুমাত্র তাই নয়, পুজোর দিনগুলিতে রাত জেগে প্যান্ডেল হপিংয়ের জন্য গোটা রাত মেট্রো চালবে কলকাতায়।

অতিমারির কারণে টানা দু’বছর পুজোয় মেট্রো পরিষেবায় একাধিক নিয়মবিধি জারি করা হয়েছিল। তবে এবার আর কোন নিয়মবিধি জারি থাকছে না।

About Post Author