সময় কলকাতা ডেস্ক: হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তারপরেই ‘মা’ আসবেন বঙ্গে। মন্ডপে মন্ডপে এখন সাজো সাজো রব। দশ হাতে অস্ত্র সজ্জিতা হয়ে আবির্ভূতা হবেন দেবী উমা। দেবীর হাতের সেই অস্ত্র তৈরী হওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে অনেক আগে থেকেই। গোটা রাজ্য তথা গোটা বিশ্বের দেবী দুর্গার হাতের অস্ত্র সম্ভার তৈরী হয় হাওড়া থেকে। বহু বছর ধরেই এই অস্ত্রের একটা বড় অংশ তৈরী হয় উলুবেড়িয়া থানা এলাকার বোয়ালিয়া গ্রামে। এই গ্রামের কয়েকটি পরিবারের আজও মুখ্য জীবিকা অস্ত্র তৈরী।

গত দু বছর করোনার জন্য সেভাবে অর্থের মুখ না দেখতে পেলেও এবার বিধি নিষেধ না থাকার কারণে পূজোয় লাভের মুখ ইতিমধ্যেই দেখতে শুরু করেছেন মায়ের অস্ত্র তৈরির কারিগররা। যদিও সমস্যা রয়েছে বিস্তর। অস্ত্র তৈরির কাঁচামালের দাম বেড়েছে অনেকটাই। তাই হাতে পর্যাপ্ত অর্থ না থাকার কারণে বেশি করে কাঁচামাল কিনতে না পারার জন্য বাজারের চাহিদা মাফিক যোগান দিতে পারছেন না অস্ত্র উৎপাদনকারীরা। এছাড়াও অনেক হাত ঘুরে এই অস্ত্র খুচরো ব্যবসায়ীদের কাছে পৌঁছায় তাই কারিগররা বাজারে অস্ত্রের চাহিদা থাকা সত্ত্বেও সেভাবে লাভের মুখ দেখতে পারেন না। এই গ্রামের কারখানাগুলোতে প্রায় ১৫-২০ জন শ্রমিক দিন রাত পরিশ্রম করে তৈরী করছেন অস্ত্র।

এখানকার তৈরী অস্ত্র এই রাজ্য ছাড়াও বিহার, ঝাড়খন্ড, উত্তরপ্রদেশ সহ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়। আমেরিকা, অস্ট্রেলিয়া, বাংলাদেশ সহ অন্যান্য দেশেও পাড়ি দেয় হাওড়ার বোয়ালিয়া গ্রামের তৈরী অস্ত্র।


More Stories
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!