সময় কলকাতা ডেস্কঃ এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যাঙ্কশাল কোর্টে ১৭২ পাতার চার্জশিট জমা দিয়েছে ইডি৷ সেই চার্জশিটে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দাবি করেছে অর্পিতা মুখোপাধ্যায়ের নামে ৩১টি এলআইসি পলিসির খোঁজ মিলেছে৷ যার বার্ষিক প্রিমিয়ামের পরিমাণ দেড় কোটি টাকা৷ আর সেই টাকার পুরোটাই দিতেন পার্থ চট্টোপাধ্যায়৷
সূত্র মারফত জানা গিয়েছে,পলিসিগুলির কোনোটির বার্ষিক প্রিমিয়াম ৫০ হাজার টাকা, আবার কোনওটির আরও বেশি৷ প্রাক্তন শিক্ষামন্ত্রীর মোবাইল থেকেই এই তথ্য পেয়েছে বলে ইডি-র চার্জশিটে উল্লেখ রয়েছে৷ আর সেই তথ্য মেলানো হয়েছে পার্থর ব্যাঙ্কের লেনদেনর বিবরণের সঙ্গেও৷ অর্পিতার এলআইসি পলিসিগুলির অধিকাংশেরই নমিনি ছিলেন পার্থ চট্টোপাধ্যায়৷ চার্জশিটে ইডি দাবি করেছে, ইতিমধ্যেই পার্থ এবং অর্পিতার ১০৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

তদন্ত শুরুর ৫৮ দিনের মাথায় শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট পেশ করল ইডি। এদিন ইডির তরফে পেশ করা চার্জশিটে পার্থ ও অর্পিতার বিরুদ্ধে পিএমএল আইনের ৩ ও ৪ নম্বর ধারায় অভিযোগ আনা হয়েছে। এছাড়া তাদের মালিকানাধীন ৬টি কোম্পানির বিরুদ্ধে পিএমএল আইনের ৭০ ধারায় মামলা রুজু করা হয়েছে। চার্জশিটে মোট ৪৩ জন সাক্ষীর কথাও উল্লেখ করেছে ইডি। এসএসসি দুর্নীতিতে এদিন আদালতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও জমা দেয় ইডি। পাশাপাশি গত কয়েকদিন ধরে এই সংক্রান্ত মামলায় অন্যান্য অভিযুক্তদের যেসব জবানবন্দি রেকর্ড করা হয়েছে সেগুলিও এদিন আদালতের কাছে জমা দেওয়া হয়।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি