Home » ডেঙ্গি মোকাবিলায় জরুরি বৈঠক স্বাস্থ্য দফতরের

ডেঙ্গি মোকাবিলায় জরুরি বৈঠক স্বাস্থ্য দফতরের

সময় কলকাতা ডেস্কঃ সামনেই উৎসবের মরশুম। তার আগেই উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। জেলায় জেলায় বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে বুধবার ডেঙ্গি নিয়ে জরুরিভিত্তিতে বৈঠকের ডাক দিয়েছে স্বাস্থ্য দফতর। সেখানে নতুন করে ডেঙ্গি মোকাবিলায় কোনও পদক্ষেপ নেওয়া হতে পারে বলেই মনে করা হচ্ছে। বিশেষভাবে নজরে রয়েছে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, সল্টলেক, দক্ষিণ দমদম এবং টিটাগড়ের ডেঙ্গি পরিস্থিতি।

জানা গিয়েছে, কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ২৫টি ওয়ার্ডের পরিস্থিতি নিয়ে চিন্তিত স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। এছাড়াও ৬ নম্বর ওয়ার্ড, ৬৯ নম্বর ওয়ার্ড, ৮৩ নম্বর ওয়ার্ড, ৬২ নম্বপ ওয়ার্ডের পরিস্থিতি আশঙ্কাজনক। উত্তর কলকাতার কাশীপুর রোড, দক্ষিণ কলকাতার বালিগঞ্জ সার্কুলার রোড, কালীঘাট রোড, কালী টেম্পল রোড, মহিম হালদার স্ট্রিট, বেলতলা রোড, নেপাল ভট্টাচার্য স্ট্রিটকে ইতিমধ্যেই ডেঙ্গিপ্রবণ বলে চিহ্নিত করা হয়েছে। এছাড়াও ইএম বাইপাস লাগোয়া একাধিক ওয়ার্ডে জমা জল ও বেহাল নিকাশির সমস্যা দেখা গিয়েছে। টালিগঞ্জ, চেতলা, নিউ আলিপুরের মতো এলাকাতেও বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে পুরসভার পক্ষ থেকে।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৯৬০ জন। এখনও পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন ৬০৩ জন। শুধুমাত্র শহর কলকাতাতেই নতুন করে ৫৭ জন মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়েছেন। কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ২৫টি ওয়ার্ডের পরিস্থিতি অত্যন্ত খারাপ বলেই জানা যাচ্ছে। এদিকে, শহরে ড্রোনের মাধ্যমে এলাকা পরিদর্শন করা হচ্ছে। টালি নালা এলাকায় ড্রোন উড়িয়ে কলকাতা পুরসভা বিশেষ নজরদারি চালাচ্ছে। সেখানকার জমা জল এবং নিকাশি ব্যবস্থার বেহাল দশা নিয়ে চিন্তিত পুরকর্মীরা।

কলকাতায় ক্রমশই আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গি থ্রি। আচমকাই ডেঙ্গির প্রকোপ বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন প্রশাসন। অধিকাংশ ডেঙ্গি আক্রান্তের প্লেটলেট কাউন্ট কমছে না। অথচ অক্সিজেন লেভেল ওঠানামা করছে। কার্যত সেই কারণেই হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা ক্রমশ বাড়ছে।

About Post Author