Home » অসুস্থ অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী

অসুস্থ অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী

সময় কলকাতা ডেস্কঃ গুরুতর অসুস্থ অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। বেশ কিছুদিন ধরেই এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, কিডনিতে ইনফেকশন ছিল তাঁর। তবে, এখন তিনি অনেকটাই সুস্থ রয়েছে বলেই জানা গিয়েছে। সম্প্রতি সিনেমায় সানি দেওলের বিপরীতে অভিনয় করার কথা রয়েছে তাঁর।
ইতিমধ্যেই যোধপুর, উদয়পুরে ছবির শুটিং সেরে ফেলেছেন অভিনেত্রী। এছাড়া, বেশ কয়েকটা বাংলা ছবিতেও দেখা যাবে তনুশ্রীকে। তবে, অসুস্থতার জন্য এখন বেশ কয়েকদিন শুটিং থেকে বিরতি নেবেন তিনি। চলতি বছর, লাস ভেগাসে নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্সে সেরা অভিনেত্রী পুরস্কার পান তনুশ্রী। ‘আবার বছর কুড়ি পরে’সিনেমাটি সেখানে দেখানো হয়। এই সিনেমার জন্যই বিশেষ সম্মান পান অভিনেত্রী।

বাংলা ছবির প্রথম সারির অভিনেত্রী তনুশ্রী। কেরিয়ারের শুরুতে বিভিন্ন টেলিভিশন শো করতেন তিনি। কলকাতার কমলা গার্লস স্কুলে লেখাপড়া শেষ করে বাসন্তী দেবী কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিষয় নিয়ে পড়াশোনা করেছেন। ২০১০ সাল থেকে পরপর বাংলা ছবিতে অভিনয় করেছেন তনুশ্রী। ‘উড়ো চিঠি’, ‘বেডরুম’, ‘শূন্য’, ‘বুনো হাঁস’, ‘খাদ’, ‘গুমনামী’র মতো ছবিতে অভিনয় করেছেন তনুশ্রী।

About Post Author