সময় কলকাতা ডেস্কঃ চারদিন পেরিয়ে যাওয়ার পর শনিবারও কুড়মি জনজাতির বিক্ষোভ অব্যাহত। অবরোধকারীদের সঙ্গে ইতিমধ্যেই আলোচনায় বসেছে প্রশাসন। তবে এখনও পর্যন্ত কোনরকম সুরাহা মেলেনি বলেই জানা গিয়েছে। আর তারই জেরেই নতুন করে আন্দোলন ছড়াচ্ছে নানা প্রান্তে। পুরুলিয়ায় আদ্রা ডিভিশনের কুস্তাউর ও পশ্চিম মেদিনীপুরে খড়গপুর ডিভিশনের খেমাশুলি স্টেশনে এখনও চলছে রেল অবরোধ। আর এই অবরোধের কারণে শনিবারও বাতিল করা হয়েছে আপ ডাউন মিলিয়ে মোট ৪৩টি ট্রেন। এছাড়া বেশ কিছু ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। যার জেরে টানা পাঁচদিন ধরে চরম দুর্ভোগের স্বীকার নিত্যযাত্রী থেকে শুরু করে বহু পর্যটক। এখনও পর্যন্ত মোট ২৫০টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে রেলের তরফে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনকারীরা। অন্যদিকে কুড়মি আন্দোলনের পাশাপাশি অব্যাহত রয়েছে এসবিএসটিসি-র অস্থায়ী কর্মীদের আন্দোলন। পাঁচদিন ধরে চরম দুর্ভোগে পড়েছেন ট্রাক চালকরা।
প্রসঙ্গত,তপশিলি উপজাতি তালিকাভুক্ত করার দাবিতে বেশ কিছুদিন ধরেই আন্দোলন সামিল হয় কুড়মি মাহাতো সম্প্রদায়ের সামাজিক সংগঠনগুলি। মঙ্গলবার থেকে একাধিক দাবিতে রেল অবরোধে সামিল হয় কুড়মি সম্প্রদায়। ফলে মঙ্গলবার সকাল থেকেই ব্যাহত দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের রেল পরিষেবা। এমনকী ব্যাহত হয় যান চলাচলও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় ব়্যাফও। এই আন্দোলন ছড়িয়ে পড়ে পুরুলিয়া ও ঝাড়গ্রামেও।

কুড়মি জাতিকে তপশিলি উপজাতি হিসেবে তালিকাভুক্ত করা, কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করা, সারণা ধর্মের কোড চালু করার দাবিতে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধ কর্মসূচি নিয়েছিল আদিবাসী কুড়মি সমাজ। কুড়মালি ভাষায় যে কর্মসূচির নাম দেওয়া হয়েছিল ‘রেল টেকা ও ডহর ছেঁকা’। মঙ্গলবার সকাল থেকেই ধামসা মাদল নিয়ে রেল লাইনে দাঁড়িয়ে পড়েছিল হাজার হাজার মানুষ। পরিস্থিতি উত্তপ্ত থাকায় প্রচুর রেল পুলিশ মোতায়েন করা হয়। যতদিন না পর্যন্ত তাদের দাবি মানা হচ্ছে ততক্ষণ রেললাইন এবং জাতীয় সড়ক অবরুদ্ধ থাকবে বলে জানিয়েছে কুড়মি সমাজের সদস্যরা।


More Stories
১৫ আগস্ট ইনডিপেনডেন্স ডে নয়, অর্থ গুলিয়ে ফেলে নতুন সংজ্ঞা শান্তনু ঠাকুরের
আরজিকর কাণ্ডে গ্রেফতার নির্মল ঘোষ
নেতাজির অবমাননায় ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর