সময় কলকাতা ডেস্কঃ পুজোর আগেই পাহাড়ের পর্যটকদের জন্য দারুণ সুখবর। সোমবার থেকে এনজিপি-দার্জিলিং ভিস্তা ডোম টয় ট্রেন পরিষেবা শুরু হয়ে গেল। এবার থেকে পাহাড়ে ওঠার সময় ট্রেনে বসেই কাঞ্চনজঙ্ঘা, তিস্তা নদী, মহানন্দা অভয়ারণ্য, চা বাগান, পাহাড়ি ঝরনা দেখা যাবে। শুধু তাই নয়, ট্রেনে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি ভোজনরসিক বাঙ্গালিরা রেস্তোরাঁর খাবারও খেতে পারবেন।
জানা গিয়েছে, এনজিপি স্টেশন থেকেই ভিস্তা ডোম টয় ট্রেনটি ছাড়বে। সোমবার সকালেই এনজিপি স্টেশন থেকে এই টয় ট্রেন পরিষেবার উদ্বোধন করলেন উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার অনুসূল গুপ্তা। সেখানে উপস্থিত ছিলেন সাংসদ রাজু বিস্ত সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব।
আপাতত সপ্তাহে তিনদিন এই ট্রেনটি ছাড়বে। প্রতি সপ্তাহের শনি, সোম ও বুধবার এনজিপি স্টেশন থেকে ছাড়বে ভিস্তা ডোম টয় ট্রেন। আর দার্জিলিং স্টেশন থেকে রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ছাড়বে। জানা গিয়েছে,যাত্রী পিছু ভাড়া রাখা হয়েছে ১৫০০ টাকা ও কোচের রেস্তোরাঁর ভাড়া রাখা হয়েছে ১৩০০ টাকা। সম্পূর্ণ বাতানুকূল ভিস্তা ডোম ট্রেনটিতে আসন সংখ্যা ১৫টি রয়েছে। পাশাপাশি থাকছে বড়-বড় কাচের জানলাও। ফলে অতি সহজেই এই ট্রেনটি পর্যকটকদের নজর কাড়বে বলেই আশবাদী রেলকর্তারা।

প্রসঙ্গত, ২০২১-এ এনজিপি-আলিপুরদুয়ার ভিস্তা ডোম ট্রেন চালু হয়েছিল। তাই এবার পাহাড়ি পথেও চালু হয়ে গেল ভিস্তা ডোম টয় ট্রেন। এই ট্রেনটি পর্যটকদের মন জয় করবে এবং যাত্রীসংখ্যা বাড়বে বলেও আশাবাদী রেলকর্তারা।


More Stories
১৫ আগস্ট ইনডিপেনডেন্স ডে নয়, অর্থ গুলিয়ে ফেলে নতুন সংজ্ঞা শান্তনু ঠাকুরের
আরজিকর কাণ্ডে গ্রেফতার নির্মল ঘোষ
নেতাজির অবমাননায় ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর