সময় কলকাতা ডেস্ক: বক্স অফিসে আগুন লাগিয়ে দিয়েছে ‘ব্রহ্মাস্ত্র’। ইতিমধ্যেই ৪০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি। এবার ‘ব্রহ্মাস্ত্র’- এর সাফল্য নিয়ে মুখ খুললেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়।
এই ছবির সফলতা নিয়ে নানা মন্তব্য ঘুরে বেড়াচ্ছে চারপাশে। এ বিষয়ে অয়ন বলেন, “আমি যে রকম মানুষ, নিজের বা অন্যের চলচ্চিত্র সম্পর্কে বাড়িয়ে বলতে অস্বস্তি বোধ করি। ছবিটির রায় বেরিয়ে এসেছে। ভবিষ্যতের দিকে অনেকটা শক্তি নিয়ে এগিয়ে যাচ্ছি আমরা। ছবির সাফল্য নিজেই কথা বলছে। আমাকে আর কিছু বলতে হবে না।” যদিও এখনও অনেকেই এই ছবিকে ‘হিট’ বলতে নারাজ। ব্রহ্মাস্ত্র ছবি নিয়ে এই সমালোচনাকে মোটেও পাত্তা দিচ্ছেন না পরিচালক অয়ন মুখোপাধ্য়ায়।

প্রসঙ্গত, বলিউডের সবথেকে বেশি বাজেটের ছবি ব্রহ্মাস্ত্র। মোট ৪১০ কোটি টাকার বাজেটে তৈরি হয়েছে এই ছবি, যা বলিউডে এই প্রথম। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, আলিয়া ভাট, অমিতাভ বচ্চন, নাগার্জুনা, মৌনি রায়। জানা যাচ্ছে, ব্রহ্মাস্ত্র ২ এর প্রস্তুতি শুরু হয়ে গেছে। ব্রহ্মাস্ত্র’ ২- ২০২৫ সালে মুক্তি পেতে চলেছে। ছবির প্রথম অংশটি ছিল শিবাকে কেন্দ্র করে। এবার দেবের গল্প বলা হবে দ্বিতীয় পর্বে। ব্রহ্মাস্ত্র সিনেমার শেষেও ইঙ্গিত দেওয়া হয়েছিল যে সিক্যুয়াল দেবকে কেন্দ্র করেই তৈরি হবে। দ্বিতীয় পর্বে রণবীরের মায়ের চরিত্রে দেখা যেতে পারে দীপিকা পাড়ুকোনকে। যিনি ছবিতে জলদেবীর ভূমিকায় অভিনয় করেছেন। অন্যদিকে, আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে রণবীর সিং বা হৃত্বিক রোশনকেও দেখা যেতে পারে।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র