সময় কলকাতা ডেস্কঃ সুখবর! দশমীর দিনই কলকাতা সহ দেশের ৪টি শহরে ৫জি পরিষেবা শুরু করছে রিলায়েন্স জিও। জানা গিয়েছে,আপাতত পরীক্ষামূলকভাবে এই পরিষেবা শুরু হচ্ছে। ৫জি গ্রাহকদের জন্য ইতিমধ্যেই ওয়েলকাম অফারের ঘোষণাও করেছে মুকেশ আম্বানির সংস্থা। যেখানে গ্রাহকরা ১ জিবিপিএস স্পিডে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন বলেই সূত্রের খবর। বুধবার থেকেই পরীক্ষামূলকভাবে কলকাতা ছাড়াও দিল্লি, মুম্বই ও বারাণসীতে জিও-র ৫জি সার্ভিস শুরু হয়ে যাবে। এর আগে ২০১৭ সালে ৪জি লঞ্চের সময়েও ওয়েলকাম অফারে গ্রাহকদের বিনামূল্যে ডেটা দিয়েছিল রিলায়েন্স জিও। আপাতত ৫জি ফোন থাকলে তবেই সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা ব্যবহার করা যাবে। তবে ঠিক কতদিন পর্যন্ত এই অফারের সুবিধা পাওয়া যাবে তা সংস্থার তরফে এখনও জানা যায়নি।
ওয়েলকাম অফারে জিও গ্রাহকরা ১ জিবিপিএস-এর বেশি স্পিডে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন। কলকাতা, মুম্বই, দিল্লি ও বারাণসী জিও গ্রাহকরা ৫জি স্মার্টফোন থাকলেই এই সুবিধা পাবেন। এখনও ৫জি গ্রাহকদের জন্য পৃথক কোনও প্ল্যান লঞ্চ করেনি মুম্বইয়ের সংস্থাটি। তবে ৫জি ব্যবহারের জন্য পৃথক সিম -এর কোনও প্রয়োজন নেই। আপনার কাছে শুধুমাত্র ৫জি ফোন থাকলেই চলবে। তবে বাণিজ্যিকভাবে নয়, আপাতত পরীক্ষামূলকভাবে এই পরিষেবা শুরু করছে জিও। ইতিমধ্যেই দেশের 8টি শহরে ৫জি পরিষেবা শুরু করেছে এয়ারটেল। আপাতত বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, হায়দ্রাবাদ, কলকাতা, মুম্বাই, শিলিগুড়ি এবং বারাণসীতে ৫জি সার্ভিস শুরু করেছে এয়ারটেল।
১ অক্টোবর,শনিবার দিল্লির প্রগতি ময়দানে আনুষ্ঠানিকভাবে ৫জি পরিষেবার সূচনা করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপাতত দেশের ১৩ টি প্রথম সারির শহরে এই পরিষেবা চালু হবে। কলকাতা, মুম্বই, দিল্লি,পুণে, বেঙ্গালুরু, চণ্ডীগড়, চেন্নাই সহ ১৩টি শহরে এই পরিষেবা পাওয়া যাবে। এরপর ধাপে ধাপে আগামী দু’বছরের মধ্যে দেশজুড়ে চালু হবে ৫জি পরিষেবা। টেলিকম বিশেষজ্ঞদের মতে, ৫জি পরিষেবার ফলে দেশের টেলিকম শিল্পে নতুন দিগন্ত খুলে গেল। জানা গিয়েছে,৪জি থেকে ২০ গুণ বেশি স্পিড ৫জি-র। মাত্র ২ সেকেন্ডে ডাউনলোড করা যাবে ৩ ঘণ্টার সিনেমা। এমনকী কোনরকম বাফারিং ছাড়াই ভিডিও চলবে। এই ৫জি প্রযুক্তি সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়াই ডিজিটাল ইন্ডিয়ার ভিশন। ডিজিটাল ইন্ডিয়া ভিশন ডিভাইসের দাম, ডেটার খরচ, ডিজিটাল কানেক্টিভিটি এবং ডিজিটাল ভাবনা-এই চারটি স্তম্ভের উপর নির্ভর করে দাঁড়িয়ে রয়েছে বলেই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশ্যে বলেছিলেন,‘ ডিভাইসের দাম তখনই কমবে যখন আমরা আত্মনির্ভর হব।’


More Stories
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৪ পয়সা কমল, ডিজেল বাড়ল ৯৪ পয়সা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
ককরোচ জনতা পার্টির এক্স হ্যান্ডেল নিষিদ্ধ!