সময় কলকাতা ডেস্ক : বিজয়া দশমীর রাতে কেরলে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৯ জনের। জখম আরও ৩৫ জন। গুরুতর আহত অবস্থায় তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জানা গিয়েছে, একটি পর্যটকবাহী বাস সরকারি বাসের পিছনে ধাক্কা মারে। পালাক্কাডের ভাদাক্কাচেরি এলাকা থেকে স্কুল পড়ুয়াদের নিয়ে তামিলনাড়ুর উটির দিকে যাচ্ছিল বাসটি। স্কুলের পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকারা ছিলেন ওই বাসে। কোয়েম্বাটুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ওই বাসটি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উটিগামী ওই বাসটি এক সরকারি বাসের পিছনে ধাক্কা মারে। সামলাতে না পেরে উলটে যায় সরকারি বাসটি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকারী দল। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ ছাত্রের। পরে এক শিক্ষক এবং সরকারির বাসের ৩ যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

ঘটনায় শোক প্রকাশ করেছেন কেরলের মন্ত্রী এম বি রাজেশ। শোকপ্রকাশ করে তিনি জানান, এই মুহূর্তে আরও ৫ পড়ুয়ার অবস্থা আশঙ্কাজনক। তারা হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাঁদের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানা গিয়েছে।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর