Home » দেশের প্রথম সৌর বিদ্যুৎ পরিচালিত গ্রাম মোধেরা

দেশের প্রথম সৌর বিদ্যুৎ পরিচালিত গ্রাম মোধেরা

সময় কলকাতা ডেস্কঃ বিজেপির পাখির চোখ এখন গুজরাটে বিধানসভা নির্বাচন। তার আগেই দেশের প্রথম সৌর বিদ্যুৎ পরিচালিত গ্রাম হিসেবে স্বীকৃতি পাচ্ছে গুজরাটের মোধেরা গ্রাম। রবিবার এই গ্রাম থেকেই ৩৯০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রাচীন সূর্য মন্দিরের জন্য বিখ্যাত গুজরাটের মোধেরা। সূত্রের খবর, দেশে এই প্রথম ২৪ ঘণ্টা সম্পূর্ণ সৌরশক্তি নির্ভর গ্রাম হিসেবে মোধেরাকে গড়ে তোলা হয়েছে। সে কারণে ইতিমধ্যেই গ্রামে হাজারেরও বেশি সোলার প্যানেল বসানো হয়ে গিয়েছে। গ্রামের প্রতিটি বাড়িতে সৌর বিদ্যুৎও পৌঁছে দেওয়া হয়েছে। জানা গিয়েছে,সম্পূর্ণ বিনামূল্যেই এই বিদ্যুৎ পরিষেবা পাবেন গ্রামবাসীরা।

দলীয় প্রচারে গতি বাড়াতে তিন দিনের গুজরাট সফর রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। রবিবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ তিনি যাবেন গুজরাটের মেহসানা গ্রামের প্রাচীন সূর্য মন্দিরে। প্রধানমন্ত্রীর সফরের আগেই নানারকম আলোয় আলোকিত হয়ে উঠেছে এই মন্দির। মোদীর সফর ঘিরে সূর্য মন্দিরে লাইট অ্যান্ড সাউন্ড শো হওয়ার কথাও রয়েছে। যদিও তাঁর সফরের আগেই ডিডি নিউজ়ের টুইটারে এই স্পেক্ট্যাকুলার লাইট অ্যান্ড সাউন্ড শো-র এক ঝলক শেয়ার করা হয়েছিল। অন্যদিকে পর্যটকদের জন্য থ্রি-ডি আলোর মাধ্যমে ফুটিয়ে তোলা হবে সূর্য মন্দিরের ইতিহাস। এই প্রকল্পেরও রবিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এদিন বিকেল সাড়ে পাঁচটায় মোধেরা গ্রামে একাধিক নতুন প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী।
চলতি বছরের শেষের দিকেই গুজরাটে বিধানসভা নির্বাচন। তার আগে রবিবার ৩ দিনের গুজরাট সফর রয়েছে নরেন্দ্র মোদীর। এই তিনদিনে প্রধানমন্ত্রী ১৪ হাজার ৬০০ কোটি বেশি মূল্যের একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন বলেই জানা গেছে। সেই সঙ্গে একাধিক সভায় ভাষণ দেওয়ার কথাও রয়েছে মোদীর। সূত্রের খবর,গুজরাট সফর শেষে মধ্যপ্রদেশেও যাবেন তিনি। পরে আহমেদাবাদ এবং জামনগরেও একাধিক প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। ১১ অক্টোবর, আহমেদাবাদের একটি হাসপাতাল সহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন মোদী।

About Post Author