Home » গুজরাট সফরে প্রধানমন্ত্রী

গুজরাট সফরে প্রধানমন্ত্রী

সময় কলকাতা ডেস্কঃ ডিসেম্বরে গুজরাটে বিধানসভা নির্বাচনের আগেই দলীয় প্রচারে গতি বাড়াতে তিন দিনের জন্য গুজরাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসন্ন এই নির্বাচনকেই পাখির চোখ হিসাবে দেখছে বিজেপি। তাই সফরকালে প্রধানমন্ত্রীর ১৪ হাজার ৬০০ কোটি বেশি মূল্যের একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন বলেই জানা গেছে। সেই সঙ্গে একাধিক সভায় ভাষণ দেওয়ার কথাও রয়েছে মোদীর। সূত্রের খবর,গুজরাট সফর শেষে মধ্যপ্রদেশেও যাবেন তিনি।
প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানা গিয়েছে,রবিবার সফরের প্রথম দিনে গুজরাটের মেহসানা জেলার মোধেরা গ্রামে ৩ হাজার ৯০০ কোটি টাকার প্রকল্পের উদ্ধোধনের মধ্যে দিয়ে তিন দিনের গুজরাট সফর শুরু হবে প্রধানমন্ত্রীর। তার আগে সূর্য মন্দিরে যাবেন তিনি। মোধেরা গ্রামকে ভারতের প্রথম সৌর শক্তি চালিত গ্রাম হিসেবে ঘোষণা করার কথাও রয়েছে তাঁর।

অন্যদিকে সফরের দ্বিতীয় দিনে ভারুচ জেলার আমোদে ৪ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্পের ভিত্তিস্থাপন ও উদ্ধোধন করবেন নরেন্দ্র মোদী। ভারুচের জম্বুসারে বাল্ক ড্রাগ পার্কের ভিত্তিস্থাপনের পাশাপাশি একাধিক শিল্প পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনও করবেন তিনি। জামনগরে ১ হাজার ৪৬০ কোটি বেশি মূল্যের প্রকল্পের উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী। এছাড়া, বেশ কয়েকটি প্রকল্প গুজরাট বাসীদের জন্যও উৎসর্গ করবেন।

সফরের তৃতীয় দিনে দরিদ্র পড়ুয়াদের জন্য একটি শিক্ষা কমপ্লেক্সের উদ্ধোধন করবেন প্রধানমন্ত্রী। এরপরই মধ্যপ্রদেশের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী। মধ্যপ্রদেশের উজ্জ্বয়নীতে মহাকালেশ্বর মন্দিরে পুজোও দেবেন তিনি। এদিন সেখানে একটি জনসভায়ও যোগদান করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

About Post Author