সময় কলকাতা ডেস্কঃ কল্যাণী এইমস নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবার ভবানী ভবনে হাজিরা দিলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। এদিন সকাল ১১ টা নাগাদ তলব করা হয় তাঁকে। নির্ধারিত সময়েরই কিছুটা আগেই ভবানীভবনে পৌঁছন নীলাদ্রিশেখর দানা।
উল্লেখ্য,গত কয়েকমাস ধরেই কল্যাণী এইমস নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত চলছে। অভিযোগ,বিধায়ক নীলাদ্রিশেখরের মেয়ে মৈত্রী দানার নিয়োগে দুর্নীতি হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছিল সিআইডি। এ বিষয়ে মৈত্রীকেও একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারী আধিকারিকরা। এদিকে এই একই মামলায় বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূ অনসুয়া ঘোষের নিয়োগ নিয়েও প্রশ্ন উঠেছে।
১ এপ্রিল,কল্যাণী এইমসের নার্সিং কলেজে ডেটা এন্ট্রি অপারেটরের পদে মাসিক ৩০ হাজার টাকা বেতনের চাকরি পান মৈত্রী। কল্যাণী থানায় এই দুর্নীতি নিয়ে অভিযোগ দায়ের করেন বেশ কয়েকজন চাকরিপ্রার্থী। বিধায়ক কন্যার নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলাও দায়ের করেন তারা। মৈত্রী যেহেতু বিজেপি বিধায়কের মেয়ে সেই কারণে তাঁকে কোনও পরীক্ষাই দিতে হয়নি। এমনকী অভিযোগ ওঠে, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকারের সুপারিশেই মৈত্রীকে নিয়োগ করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই কিছুদিন আগে মৈত্রীকে তলব করেছিল সিআইডি। কিন্তু, সেসময় তিনি হাজিরা দেননি। এরপর ফের তাঁকে যখন হাজিরা দিতে বলা হয়েছিল, তখন হাজিরার জন্য তদন্তকারীদের কাছ থেকে সময় চেয়ে নিয়েছিলেন মৈত্রী। পরে সিআইডির তদন্তকারীরা নীলাদ্রিশেখরের বাঁকুড়ার বাড়িতে গিয়ে মৈত্রীকে জিজ্ঞাসাবাদ করেছিল।

প্রসঙ্গত, মাস কয়েক আগেই বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার নেতা পার্থ চট্টোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখে জানান যে, বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রিশেখর দানা, চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ দুর্নীতি করে আত্মীয়দের চাকরি পাইয়ে দিয়েছে। ওই চিঠিতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার ও রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের কথাও উল্লেখ করা হয়েছিল। সেই চিঠির ভিত্তিতেই তদন্ত শুরু করে সিআইডি।


More Stories
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!