Home » জমি দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ

জমি দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ

সময় কলকাতা ডেস্কঃ দুর্গাপূজার রেশ কাটতে না কাটতেই জমি বিবাদের জেরে ফের শিরোনামে মালদহের হরিশ্চন্দ্রপুর এলাকা। শাসকদল ঘনিষ্ঠ একই পরিবারের দুই পক্ষের মধ্যে বিবাদ। যা কিনা শেষ পর্যন্ত লাঠালাঠির আকার ধারণ করে। দুই পক্ষেরই আহত একাধিক। মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের লক্ষণপুর এলাকার ঘটনা। গোটা ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন বিশাল পুলিশ বাহিনী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে,দুই বিঘা জমির মালিকানা নিয়ে গত তিন মাস ধরেই বিবাদ চলছিল স্থানীয় একটি পরিবারের রাহানুল গোষ্ঠী এবং আফতাবউদ্দিন গোষ্ঠীর মধ্যে। সেই বিবাদই কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। এরপর মঙ্গলবার সকালে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষকে জমির উপযুক্ত কাগজপত্র থানায় জমা দিতে বলে। সেই সময়ই জমিতে বেড়া দেওয়ার চেষ্টা করছিল এক পক্ষ। কিন্তু পুলিশ চলে যাওয়ার পরেই উত্তেজনা ছড়ায়। দুই পক্ষের মধ্যে বচসা থেকে শুরু হয় হাতাহাতি। যার জেরে এক পক্ষের সাত জন আহত হয়েছে। অপর পক্ষের আহত হয়েছে ৬ জন। বর্তমানে দুই পক্ষেরই চারজন আশঙ্কাজনক অবস্থায় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উভয় পক্ষের দাবি তারা দীর্ঘদিন ধরে শাসকদলের সঙ্গে যুক্ত রয়েছে। অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

হরিশ্চন্দ্রপুর এলাকায় জমি বিবাদের জেড়ে উত্তেজনা যেন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে উঠেছে। যেখানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে রাজনৈতিক যোগ। যদিও এলাকাবাসীর দাবি পুলিশ প্রশাসন সক্রিয় না হলে এই ধরনের বিবাদ এলাকায় লেগেই থাকবে।

About Post Author