Home » আন্দামানের রোজনামচা

আন্দামানের রোজনামচা

দেবিকা চট্টোপাধ্যায় (ভ্রমণ বিষয়ক অতিথি লেখিকা), সময় কলকাতা :

প্রথম পর্ব :

আমাদের বহুদিনের আন্দামান ভ্রমণের স্বপ্ন পূরণ হল এ বছরের সেপ্টেম্বর মাসে। বাঙালি ভ্রমণপিপাসু জাত,এ বিষয়ে সন্দেহের অবকাশ নেই,তবে হৈ হৈ করে বেড়াতে যাওয়ার মানুষের সংখ্যাই বেশি।সেদিক থেকে আমাদের মতামত কিছুটা ভিন্ন। বেড়ানোর অর্থ আমার কাছে প্রকৃতিকে দেখা বা অচেনাকে দেখা ও চেনা।এই দেখা ও চেনার জন্য একটা শান্ত ও উৎসুক হৃদয়ের প্রয়োজন। প্রকৃতির রূপ রস গন্ধ কে উপভোগ করার মতো একটা মন দরকার,যে মন অজানাকে জানার আগ্রহে উদগ্রীব হয়ে অপেক্ষা করবে, অচেনাকে আত্মস্থ করে আপন করে নিতে চাইবে,বিশাল প্রকৃতির মাঝে গিয়ে মনের ব্যাপ্তিকে বাড়িয়ে তুলবে।তা না করে, বেড়াতে গিয়েও নিজেদের ব্যক্তিগত তুচ্ছ বিষয় নিয়ে ব্যতিব্যস্ত হয়ে রইলে তো বেড়ানোর উদ্দেশ্যই মাটি। আমার মতে মনের ব্যাপ্তি বাড়িয়ে তোলাই ভ্রমণের মূল উদ্দেশ্য হওয়া উচিত। খুঁটিনাটি বিষয়ে মাথা না ঘামিয়ে হৃদয়কে মুক্তির স্বাদ পেতে দেওয়াই সেরা ভ্রমণ।সে ভ্রমণ বাড়ির কাছেই কোনো জায়গায় হলেও ক্ষতি নেই। অনেক দূরে, অনেক খরচ করে না গিয়েও সেই মুক্তির স্বাদ আমরা পেতেই পারি মনকে প্রসারিত করে। তাই আমি রবিঠাকুরের এই কথায় পুরোপুরি বিশ্বাসী,
“দেখিতে গিয়াছি পর্বতমালা দেখিতে গিয়াছি সিন্ধু
দেখি নাই আমি চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ঘাসের শীষের উপর একটি শিশির বিন্দু।”
ঘরের কাছেই হয়তো রয়েছে সেই আরশিনগর,তাকে চিনে নিতে পারলেই কাঙ্খিত মুক্তির সন্ধান পেয়ে যাবো।

আন্দামান যাবার জন্য বাড়ি থেকে রওনা হয়েই এক বিচিত্র অনুভূতির সম্মুখীন হলাম। আমাদের ফ্লাইটের সময় ছিল ৯-৪৫ , কিন্তু সময়মত পৌঁছে সবরকম প্রটোকল মেইনটেইন করে যাতে প্লেনে উঠতে অসুবিধে না হয় সেই জন্য বেশ সকালেই উবের বুক করে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি।রাস্তায় বারবার গন্তব্য নিয়ে নানা ভাবনা আসছে কিন্তু প্রতিবারই খেই হারিয়ে গিয়ে মনে হচ্ছিল যেন আমরা অন্য কোথাও যাচ্ছি। আন্দামানের ধারণাটা মাথায় আসছিল না সঙ্গে সঙ্গে।এক একবার ভাবছি দক্ষিণ ভারতের কোনও জায়গায় যাচ্ছি। আন্দামান ভারতের অংশ হওয়া সত্ত্বেও অবচেতন মনে বিচ্ছিন্নতাবোধ রয়ে যাওয়াই কি এমন চিন্তার কারণ?কি জানি?মনের ডাক্তারবাবুরাই ভালো বলতে পারবেন।দুদিন আগেই আমার মা বহু দূরের দেশে একা পাড়ি দিয়েছেন,আমরাই মা কে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে এসেছি,প্রায় নয় ঘন্টার জার্নি শেষে মা ভাইয়ের কাছে পৌঁছে গেছে।পৃথিবীটা এতোই ছোটো হয়ে এসেছে অথচ আমি আন্দামান কে আমার দেশ বলে ভাবতে গেলে খেই হারিয়ে ফেলছি,বড় ই অদ্ভুত এ অনুভূতি।যাই হোক আমরা বেশ তাড়াতাড়ি পৌঁছে গেলাম এয়ারপোর্টে। নিয়মমাফিক করনীয় কাজগুলো সেরে আমাদের বেশ খানিকক্ষণ বসতে হলো লাউঞ্জে। তাড়াতাড়ি সব কাজ হয়ে যাওয়ায় মনে হচ্ছিল আর একটু দেরীতে বাড়ি থেকে বেরোলেই হতো, তাহলে আরো একটু পরে ঘুম থেকে ওঠা যেত। কিন্তু ছেলেমেয়েরা আমাদের সময়ানুবর্তিতার অভাব বারবার দেখে নিজেরা ভীষণ রকম সময়নিষ্ঠ হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেছে দেখে কিছুটা আস্বস্তও হলাম। বরাবর কর্তার ইচ্ছায় কর্ম করতে গিয়ে ছুটে ছুটে ট্রেন বাস ধরাই আমাদের কাছে স্বাভাবিক।ভোর সাড়ে চারটার সময় বেরোতে হলেও রাত বারোটার পর উনি ব্যাগ গোছানো শুরু করেন।রাগ হয়,গজগজ করি কিন্তু পরিস্থিতি বদলায়না। কতবার যে ট্রেনফেল হয় তার ঠিক নেই।এসব দেখেশুনে মনেহয় ছেলেপুলেরা তিতিবিরক্ত।এবার তাই আগের থেকেই হুইপ জারি করে দিয়েছিল,ছটার মধ্যে বেরোতেই হবে। শেষে প্লেনফেল হয়ে গেলে আর কি কোনো উপায় থাকবে? তাই ওদের কথা মানা ছাড়া আর পথ কোথায়?লাউঞ্জে বসতে অবশ্য কোনো অসুবিধে হলোনা। আন্দামান এর প্লেন যেখান থেকে ছাড়বে তার কাছের গেটের পাশে আমরা বসলাম। নির্দিষ্ট সময়ে প্লেনে ওঠানো হলো আমাদের।দুটো সিট জানলার আর দুটো মাঝের। তাঁর বন্ধুর সহায়তায় এই সুযোগ পেয়ে খুব ভালো লাগছিল,বাইরের দৃশ্য উপভোগ করা যাবে ভেবে।

(পরবর্তী পর্ব আগামীকাল )

About Post Author