সময় কলকাতা ডেস্কঃ রেলের জমি দখল করে তৈরি হয়েছে হনুমান মন্দির। এবার সেই মন্দিরই সরানোর জন্য স্বয়ং হনুমানকে নির্দেশিকা পাঠাল ভারতীয় রেল। রেলের তরফে আগামী ১০ দিনের মধ্যে এই মন্দির সরানোর জন্য নির্দেশিকা জারি করা হয়েছে। দ্রুত রেলের সেকশন ইঞ্জিনিয়ারকে এই জমি হস্তান্তর করতে হবে বলেই জানানো হয়েছে। শুনতে অবাক লাগলেও এমনই ঘটনা ঘটেছে ঝাড়খণ্ডের ধানবাদে।

রেলের তরফে মন্দিরের দেওয়ালে একটি নির্দেশিকা লাগানো হয়েছে। সরাসরি হনুমানজির উদ্দেশ্যে এই নির্দেশিকায় বলা হয়েছে, ‘আপনি বেআইনিভাবে রেলের জমি দখল করেছেন। এটি আইনত অপরাধ। আগামী ১০ দিনের মধ্যে যদি এই জায়গাটি খালি না হয়, তাহলে আপনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।’ ইতিমধ্যেই রেলের এই নোটিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন সাধারণ মানুষ। তবে হনুমানজির পাশাপাশি আরও পঞ্চাশ জনের বিরুদ্ধেও বেআইনি ভাবে রেলের জমি দখলের অভিযোগ করা হয়েছে। রেলের তরফে আগামী ১০ দিনের মধ্যে গোটা এলাকা খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে সবকটি বাড়িকেই বেআইনি বলে ঘোষণা করা হয়েছে। অভিযোগ, সবকটি বাড়িই রেলের জমি জবরদখল করেই তৈরি করা হয়েছে। তাই অবিলম্বে এই জমি তাঁদের খালি করে দিতে হবে।
যদিও স্থানীয়দের দাবি, ১৯২০ সাল থেকে এই জমিতে বসবাস করছেন তাঁরা। মূলত ছোটোখাটো ব্যবসা করে নিজেদের জীবিকা ধারণ করেন তারা। এহেন পরিস্থিতিতে বস্তির দীর্ঘ দিনের বাসিন্দারা এখন কোথায় যাবেন, বা ঘরছাড়া হতে হলে তাঁরা কোথায় গিয়ে উঠবেন, এখন সেই চিন্তাতেই রাতের ঘুম উড়েছে এই এলাকার মানুষের। ঘটনার জেরে এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে।


More Stories
ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধির প্রভাব কোথায়? বিরোধিতা কেন?
১৫ আগস্ট ইনডিপেনডেন্স ডে নয়, অর্থ গুলিয়ে ফেলে নতুন সংজ্ঞা শান্তনু ঠাকুরের
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!