Home » বারাসাতে মানিক ঘনিষ্ঠের বাড়িতে তল্লাশি ইডির

বারাসাতে মানিক ঘনিষ্ঠের বাড়িতে তল্লাশি ইডির

সময় কলকাতা ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় ইডির নজরে মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠের নামে থাকা টিচার্স ট্রেনিং সেন্টার। শনিবার সাত সকালেই বারাসাতে তাপস মণ্ডল নামে এক এনজিও-র কর্ণধারের বাড়িতে হানা দেয় ইডি। প্রাইমারি শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে তাপস মণ্ডল প্রত্যক্ষ ভাবে যুক্ত রয়েছে বলেই ইডি সূত্রে খবর।

এদিন সকালে বারাসাতে কামাখ্যা মন্দিরের কাছে তাপস মণ্ডলের বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটি বড় দল। ওই ট্রেনিং সেন্টারের শাটার বন্ধ থাকায় এদিন তালাও ভাঙা হয়। ইডি সূত্রে জানা গিয়েছে, মানিক ভট্টাচার্যকে জেরা করে তাঁর বাড়ি থেকে যেসব কাগজপত্র উদ্ধার হয়েছে তা থেকেই এই প্রশিক্ষণ কেন্দ্রের যোগসূত্র পাওয়া গিয়েছে। তবে শুধু এই ট্রেনিং সেন্টারই নয়, এরকমই বেশ কয়েকটি ট্রেনিং সেন্টার নিয়োগ দুর্নীতি কাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে বলে ধারণা ইডির। এই সব ট্রেনিং সেন্টার মিডলম্যানের কাজ করত।

সূত্রের খবর, তাপস মণ্ডল একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। জাতীয় শিক্ষক সম্মানও পেয়েছিলেন তিনি। মিনার্ভা এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটি নামে একটি সংস্থা খুলেছিলেন তাপস। সেই সংস্থার মাধ্যমেই এস‌এসসি দুর্নীতির টাকা লেনদেন হত বলেই দাবি ইডি আধিকারিকদের। বিদেশে মুদ্রা লেনদেনের জন্য এফসিআর ছাড়পত্র‌ও জোগাড় করেছিলেন মানিক ঘনিষ্ঠ তাপস।

অন্যদিকে, শনিবার সাত সকালে উত্তর ২৪ পরগনার মহিষবাথানে হানা দেয় ইডি। সূত্রের খবর, এই এলাকায় মানিক ভট্টাচার্যর এক ঘনিষ্ঠের নামে ভাড়া নেওয়া টিচার্স ট্রেনিং সেন্টার চালানো হত। নিয়োগ দুর্নীতির সঙ্গে এই প্রশিক্ষণ কেন্দ্রের যোগ রয়েছে বলেই মনে করছে ইডি। সেই কারণেই চালানো হয় অভিযান। তালা ভাঙতে আনা হল চাবিওয়ালা। এই সেন্টারকে ঘিরেও তৈরী হয়েছে একাধিক জল্পনা।

About Post Author