Home » ‘তারিণী খুড়ো’ এবার পরেশ রাওয়াল

‘তারিণী খুড়ো’ এবার পরেশ রাওয়াল

সময় কলকাতা ডেস্কঃ সত্যজিৎ রায়ের ‘তারিণী খুড়ো’কে এবার দেখা যাবে বলিউডের পর্দায়। পরিচালক অনন্ত মহাদেবনের হাত ধরেই বলিউডে পাড়ি দিচ্ছে তারিণীখুড়ো ও তাঁর গল্প। যে গল্পগুলো বাঙালির ছোটবেলাকে আনন্দে ভরিয়ে রেখেছিল, এবার সেই গল্পগুলিই বলতে তারিণী খুড়োর চরিত্রে দেখা যাবে বলিউডের জনপ্রিয় অভিনেতা পরেশ রাওয়ালকে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলারও।
বেনিয়াটোলার বাসিন্দা তারিণীখুড়ো। পুরো নাম তারিণীচরণ বন্দোপাধ্যায়। দীর্ঘ পেশাদার জীবন তারিণীখুড়োর। তার ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া নানা ঘটনাই উঠে আসে তার গল্পে। কীভাবে আপদ-বিপদে উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়েছেন, তা নিজের ছন্দে বলে চলেন তারিণীখুড়ো। পরিচালক অনন্ত মহাদেবন নিজের নতুন ছবিতে সেই খুঁটিনাটিই তুলে ধরেছেন। যার নাম দিয়েছেন ‘দ্য স্টোরিটেলার’ । ফেলুদা ও প্রফেসর শঙ্কুর মত তারিণী খুড়োও মানিকবাবুর এক বিচিত্র সৃষ্টি।
কলকাতার নানা এলাকায় হয়েছে নতুন এই ছবির শুটিং। লেকমার্কেট, কুমোরটুলির মতো একাধিক জায়গায় শুটিং করেছেন পরেশ রাওয়াল। পরেশ ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন আদিল হুসেন, অনিন্দিতা বসু,রেবতী, তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়। তারিণীখুড়োর বন্ধু বঙ্কিমবাবুর ভূমিকায় দেখা যাচ্ছে রোহিত মুখোপাধ্যায়কে৷

About Post Author