Home » সায়গলকে দিল্লি নিয়ে যেতে পারবে ইডি,মিলল অনুমতি 

সায়গলকে দিল্লি নিয়ে যেতে পারবে ইডি,মিলল অনুমতি 

সময় কলকাতা ডেস্ক: অবশেষে মিলল অনুমতি। অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে এবার দিল্লিতে নিয়ে যাওয়ার অনুমতি পেল ইডি । অনুমতি দিল রাউস অ্যাভিনিউ কোর্ট। এবার বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রতর দেহরক্ষীকে দিল্লিতে নিয়ে নিজেদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি আধিকারিকরা।

প্রসঙ্গত, গরুপাচার মামলার তদন্তে কিছুদিন আগেই আসানসোলে সংশোধনাগারে গিয়ে সায়গলকে জেরা করেছিলেন ইডির আধিকারিকরা। তদন্তে অসহযোগিতা করছে সায়গল, এই অভিযোগে জেলবন্দী সায়গলকে গ্রেফতার করে ইডি এবং নিজেদের হেফাজতে নিয়ে দিল্লিতে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করে। সায়গলকে দিল্লি নিয়ে গিয়ে তদন্ত করতে চেয়ে আবেদন করেছিল আসানসোল আদালতে। কিন্তু বিশেষ সিবিআই আদালত কেন্দ্রীয় এজেন্সির সেই আবেদন খারিজ করে দিয়েছিল। তারপরেই হাইকোর্টে মামলা করে ইডি। কিন্তু সেখানেও ধাক্কা খাওয়ার পর এবার দিল্লির রাউস অ্যাভিনিউতে পিএমএলএ আদালতে আবেদন করেছে ইডি। অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীকে জেরা করে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে বলে মনে করছেন গোয়েন্দারা।

অন্যদিকে সায়গলকে নিজেদের হেফাজতে পেতে ভবিষ্যতে সুপ্রিম কোর্টে যেতে পারে ইবি এই আশঙ্কায় আগে থেকেই ক্যাভিয়েট দাখিল করে রেখেছে গরু পাচার মামলার অন্যতম অভিযুক্ত সায়গল হোসেন। সায়গল হোসেনের সম্পত্তির পরিমাণ প্রায় ১০০ কোটি টাকা। একজন সামান্য সরকারি কর্মচারীর এত সম্পত্তির উৎস কি ? তা জানতেই সায়গলকে দিল্লির সদর দফতরে নিয়ে গিয়ে জেরা করতে চায় ইডি।

About Post Author