সময় কলকাতা ডেস্কঃ কেদারনাথ যাওয়ার পথে দুর্ঘটনার কবলে হেলিকপ্টার। কেদারনাথ ধামের ২ কিলোমিটার আগে মাঝ আকাশেই ভেঙে পড়ল তীর্থযাত্রী বোঝাই একটি হেলিকপ্টার। ঘটনায় মৃত্যু হয়েছে দুই পাইলট সহ সাতজনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকার্য। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং এসডিআরএফ-এর দল।
জানা গিয়েছে, পুণ্যার্থীদের নিয়ে ওই কপ্টারটি কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। রুদ্রপ্রয়াগের কাছে গারু চট্টিতে আচমকাই ভেঙে পড়ে সেটি। প্রাথমকিভাবে অনুমান করা হচ্ছে, খারাপ আবহাওয়ার জন্যই দুর্ঘটনার কবলে পড়ে এই হেলিকপ্টার। এখনও উদ্ধার কাজ চলছে।
মর্মান্তিক এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। একটি টুইটে তিনি লেখেন, ‘কেদারনাথের হেলিকপ্টার ভেঙে পড়ার ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। গোটা পরিস্থিতির উপর নজর রাখছি। ঘটনায় নিহতদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা। প্রত্যেক মুহূর্তে রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।‘ পাশাপাশি এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি। একটি টুইট করে এদিন তিনি লেখেন, ‘এসডিআরএফ এবং জেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। উদ্ধারকাজ চলছে। এই ঘটনায় তদন্ত করা হবে।’ অন্যদিকে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর