Home » শব্দবাজি উদ্ধার, গ্রেফতার ব্যবসায়ী

শব্দবাজি উদ্ধার, গ্রেফতার ব্যবসায়ী

সময় কলকাতা ডেস্কঃ আতস বাজির আড়ালে মজুত বিপুল পরিমাণে শব্দবাজি। গোডাউনে হানা দিয়ে ২ হাজার কিলো শব্দবাজি উদ্ধার করল উত্তর ২৪ পরগনা গোপালনগর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় গোপালনগরের সুন্দরপুর এলাকায় তারক ঘোষ নামে এক ব্যবসায়ীর গোডাউন থেকে এই বিপুল পরিমাণে শব্দবাজি উদ্ধার করে পুলিশ। নিষিদ্ধ শব্দবাজি মজুত করায় তারককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া বাজির আনুমানিক বাজার মূল্য প্রায় ৭ থেকে ৮ লক্ষ টাকা। মূলত তারক ঘোষ নামে এই ব্যবসায়ী বনগাঁর বিভিন্ন বাজারে বাজির সাপ্লাই দিয়ে থাকে, তিনি দীর্ঘদিন ধরে পাইকার ব্যবসায়ী হিসেবে ব্যবসা করে চলেছেন। কালীপুজোর সময় বনগাঁসহ পার্শ্ববর্তী অঞ্চলের বিভিন্ন বাজারে এই বাজিগুলোকে সাপ্লাই দেওয়ার জন্যই গাঙনাপুর থেকে এনে সাতবেড়ের এই গোডাউনে মজুত করেছিল তারক ঘোষ। পুলিশের এই হানা সম্পর্কে গোডাউন মালিক তারক ঘোষ বলেন,” তিন লক্ষ টাকার বাজি রয়েছে, তার মধ্যে দেড় লক্ষ টাকার শব্দবাজি রয়েছে।” বাড়ির পাশেই শব্দবাজির গোডাউন রয়েছে তা ঘুনাক্ষরেও টের পাননি স্থানীয়রা। এই বিষয়টি সম্পর্কে স্থানীয়রা জানান, “আমরা জানতামই না এখানে বাজির গোডাউন রয়েছে। আজ পুলিশ এসে তল্লাশি করায় আমরা জানতে পেরেছি।”

পাশাপাশি, এদিন ঠাকুরনগর বাজারে হানা দিয়ে প্রচুর নিষিদ্ধ শব্দ বাজি উদ্ধার করে গাইঘাটা থানার পুলিশ। শব্দবাজি মজুত করার অপরাধে দুই ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বাজিগুলোকে ডিসপোজ করার জন্য সংশ্লিষ্ট দফতরের সাথে যোগাযোগ করেছে পুলিশ।

About Post Author