Home » রেল অবরোধ বর্ধমানের খানা জংশনে

রেল অবরোধ বর্ধমানের খানা জংশনে

সময় কলকাতা ডেস্কঃ সকাল না হতেই রেল অবরোধ বর্ধমানের খানা জংশনে। ডাউন রামপুরহাট বর্ধমান লোকালকে খানা জংশন স্টেশনে দীর্ঘক্ষণ দাঁর করিয়ে রেখে রাজধানী এক্সপ্রেসকে পাস করানোর অভিযোগ ওঠে। আর সেই কারণেই বুধবার সকালে ক্ষোভে ফেটে পড়েন নিত্যযাত্রীরা। তারপরই যাত্রীরা লাইনের উপর দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রায় কয়েক ঘণ্টা ধরে চলে অবরোধ। তারপর স্বাভাবিক হয় পরিস্থিতি। যার জেরে দীর্ঘক্ষণ ধরে ব্যাহত হয় লোকাল ও দূরপাল্লার ট্রেন পরিষেবা।

জানা গিয়েছে, প্রতিদিনই খানা জংশন স্টেশনে লোকাল ট্রেনগুলিকে দাঁড় করিয়ে দূরপাল্লার ট্রেন পাস করানো হয়। বুধবারও একইভাবে দূরপাল্লার ট্রেনগুলিকে পাস করানোর জন্য লোকাল ট্রেনগুলিকে প্রায় ৪০ মিনিট দাঁড় করিয়ে রাখা হয়। আর তার জেরেই লোকাল ট্রেনগুলির গন্তব্যে পৌঁছতে অনেকটা দেরি হয়ে যায়।

যাত্রীদের অভিযোগ, প্রতিদিনই এই কাজ করা হয়ে থাকে। কার্যত সেকারণেই নিত্যযাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন। ট্রেন থেকে নেমে রেল লাইনে বসে পড়েন তাঁরা। অবিলম্বে এই সমস্যা সমাধানের দাবিতে সরব হন বিক্ষোভকারীরা। তারা সাফ জানিয়ে দেন,যতক্ষণ না তাদের দাবি মানা হবে, ততক্ষণ পর্যন্ত এই বিক্ষোভ চলবে। আর এই বিক্ষোভের জেরে একের পর এক লোকাল ও দূরপাল্লার ট্রেন দাঁড়িয়ে পড়ে। ফলে চরম দুর্ভোগের স্বীকার হন নিত্যযাত্রী থেকে শুরু করে বহু পর্যটক।

About Post Author