Home » খাবারের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

খাবারের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

সময় কলকাতা ডেস্কঃ খাবারের দোকানে খাবার তৈরির সময় গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার কুশপাতা এলাকার ঘটনা। মর্মান্তিক এই দুর্ঘটনায় দোকানের মালিক সহ তিনজনের অবস্থা আশঙ্কাজনক৷ আহতদের ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,বুধবার সকালে খাবারের দোকানে কাজ করছিলেন দোকানের মালিক গৌতম মহাপাত্র সহ আরও দুই কর্মী। সেসময় হঠাৎই কোনভাবে আগুন লেগে যায় গ্যাস সিলিন্ডারে। সঙ্গে সঙ্গেই বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ঘটনাস্থলেই ঝলসে যান দোকানের মালিক গৌতম মহাপাত্র সহ দুজন কর্মী। এই ঘটনা প্রকাশ্যে আসতেই স্থানীয়রা গুরুতর আহত তিন ব্যক্তিকেই ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যান।

অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন দমকলের ইঞ্জিন সহ ঘাটাল থানার পুলিশ। প্রায় একঘণ্টার প্রচেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত জানা যায়নি৷ ইতিমধ্যেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছে দমকল বাহিনী।

About Post Author