Home » সামনেই কালীপুজো, প্রতিমা তৈরির ব্যস্ততা শিল্পীদের

সামনেই কালীপুজো, প্রতিমা তৈরির ব্যস্ততা শিল্পীদের

সময় কলকাতা ডেস্কঃ হাতে গোনা আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরই কালীপুজো ও দীপাবলিতে মেতে উঠবে গোটা দেশ। ঠিক তার আগের মুহূর্তে চরম ব্যস্ততা দেখা গেল প্রতিমা শিল্পীদের মধ্যে। গত দু’বছর করোনা থমকে দিয়েছিল সব কিছু। প্রতিমা শিল্পীরা বলছেন, এবারে বরাত মিলেছে ভালোই। তাই বিরাম নেওয়ার জো নেই তাদের।

প্রতিমায় মাটির প্রলেপ দেওয়ার কাজ শেষ হয়েছে। এখন বাকি শেষ মুহূর্তের তুলির টান। এদিকে মাঝে আর মাত্র ৩ টে দিন, তাই ব্যস্ততা এখন তুঙ্গে। বনগাঁ তালতলা এলাকার প্রতিমা শিল্পী লক্ষ্মণ পাল বলেন, “কালী পুজোর আর মাত্র ২ থেকে ৩ দিন বাকি। এবছর প্রতিমার ভালো অর্ডার রয়েছে। তাই কাজের চাপও বেশি। কাজ করতে গিয়ে কোন কোন দিন রাত ৩ টে বেজে বেজে যাচ্ছে।”

আর এক প্রবীণ শিল্পী গোপাল পাল জানান, “প্রতিমার বায়না আগের দু’বারের চেয়ে বেশ ভালো। এ জন্য মনে মনে ভালোই লাগছে। কিন্তু অনেক বাড়ি ও পুজো উদ্যোক্তারা কোনো বায়না ছাড়াই প্রতিমা কিনতে আসেন। তাই একটু বেশি করেই প্রতিমা তৈরি করতে হয়। হাতে আর বেশি সময় নেই। সেজন্যই দিনরাত এক করে কাজ করতে হচ্ছে।”

About Post Author