Home » সিওলের হ্যালোউইন উৎসবে এত মানুষের মৃত্যুর কারণ কি?

সিওলের হ্যালোউইন উৎসবে এত মানুষের মৃত্যুর কারণ কি?

সময় কলকাতা ডেস্কঃ শনিবার গভীর রাতে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলের ইটেওন এলাকায় হ্যালোউইন উৎসব চলাকালীন পদপিষ্ট হয়ে মৃত্যু হল ১৫১ জনের। যাদের মধ্যে অধিকাংশই কিশোর-কিশোরী ও যুবক-যুবতী। মৃতদের মধ্যে ১৯ জন বিদেশী নাগরিকও রয়েছে। কমবেশি জখম হয়েছে অন্তত ২০০ জন। তাঁদের মধ্যে অনেকের অবস্থাই সঙ্কটজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

থানায় ইতিমধ্যে ৩৫০টি নিখোঁজ ডায়েরি জমা পড়েছে। অর্থাৎ বহু মানুষও তাঁদের প্রিয়জনদের হদিশ পাচ্ছেন না। তবে কীভাবে ঘটে গেল এই মর্মান্তিক দুর্ঘটনা, তা এখনও বুঝে উঠতে পারেনি সিওল প্রশাসন। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে চলছে উদ্ধারকার্য। এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অন্যদিকে সদ্য দায়িত্বপ্রাপ্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকও একটি টুইট করে শোকপ্রকাশ করেছেন।
করোনা অতিমারি রেশ কাটিয়ে দীর্ঘ তিন বছর পর সিওলের ইটেওন শহরে হ্যালোউইন উৎসবের আয়োজন করা হয়েছিল। এদিন সেই আনন্দে মেতে উঠেছিলেন সকলেই। তরুণ প্রজন্ম ভিড় জমিয়েছিল ইটেওন শহরের ওই পার্টিতে। সরু ঘিঞ্জি এলাকায় আয়োজিত ওই হ্যালোউইন পার্টিতে প্রায় ১০ হাজারেরও বেশি মানুষ জড়ো হয়েছিলেন বলেই সূত্রের খবর। পার্টি চলাকালীন আচমকাই নিকটবর্তী একটি বারে সেলেব্রিটিকে দেখার জন্য ছুটতে শুরু করেন পার্টিতে অংশগ্রহণকারীরা। আর তাতেই ঘটে বিপত্তি। ভিড়ে চাপা পড়ে যান শয়ে শয়ে মানুষ। হৃদযন্ত্র বিকল হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান বহু মানুষ। ঘটনার খবর পাওয়া মাত্রই ৩৬৪ জন দমকল কর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে যায় । এর পাশাপাশি ঘটনাস্থলে ১৪২টি অ্যাম্বুল্যান্সও চলে যায়। শোকের আবহ দেশ জুড়ে।।

About Post Author