Home » গুজরাটের ব্রিজ বিপর্যয়ে মৃত পূর্ব বর্ধমানের ছেলে

গুজরাটের ব্রিজ বিপর্যয়ে মৃত পূর্ব বর্ধমানের ছেলে

সময় কলকাতা ডেস্কঃ গুজরাটের মোরবির মচ্ছু নদীর উপরের ব্রিজ দেখতে গিয়ে প্রাণ গেল এরাজ্যের এক যুবকের। সোনার কাজ করতে গুজরাটে গিয়েছিল পূর্বস্থলী ২ নম্বর ব্লকের মুকসিমপাড়া পঞ্চায়েতের কেশববাটির ওই যুবক।

রবিবার রাতে অন্যদের সঙ্গে ওই যুবকও মোরবির ঝুলন্ত ব্রিজে ঘুরতে গিয়েছিলেন। ব্রিজ ভেঙে অন্য অনেকের সঙ্গে নদীতে পড়ে যান হাবিবুল শেখ নামে ওই যুবক। রাতেই তাঁর নিথর দেহ উদ্ধার করা হয়। যুবকের মর্মান্তিক এই পরিণতির খবর এসে পৌঁছতেই পূর্বস্থলীর কেশববাটিতে তাঁর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

দশ মাস আগে সোনার কাজ শিখতে গুজরাটে কাকার কাছে চলে যান হাবিবুল। হাবিবুলের উপার্জিত টাকায় সবে সুদিন ফিরছিল পরিবারে। পরিবারের লোকজনের দুঃখ দুর্দশা ঘোচানোর কাজ করছিলেন হাবিবুল। কিন্তু বিনা মেঘে বজ্রপাতের মত বাড়িতে এলো সেই ছেলের মৃত্যুর খবর। রবিবারের ছুটির দিনে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন হাবিবুল। তখনই ভেঙে পড়ে সেতু। আর পাঁচজনের মতো মচ্ছু নদীতে তলিয়ে যান হাবিবুল। বেশ কিছুক্ষণ নিখোঁজ থাকার পর উদ্ধার হয় হাবিবুলের নিথর দেহ। তাঁর কাকাই বাড়িতে ফোন করে দুঃসংবাদ জানান বলে জানা গিয়েছে।

ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন তাঁর পরিবারের সদস্যরা। সোনার কাজ করতে গুজরাটে গিয়েছিলেন হাবিবুল শেখ নামে ওই যুবক। সোমবার সকাল থেকে কেশবাটি গ্রামে হাবিবুলের বাড়ির সামনে প্রতিবেশীরা ভিড় জমিয়েছেন। গোটা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

 

About Post Author