সময় কলকাতা ডেস্কঃ গুজরাটে সেতু বিপর্যয়ের ঘটনার পর এবার ওড়িশার কটকের ধবলেশ্বর ঝুলন্ত সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত নিল নবীন পট্টনায়েক সরকার। জানা গিয়েছে, স্বাস্থ্য পরীক্ষার জন্য মঙ্গলবার সেতুটি সাধারণ মানুষের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই কটকের জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে,ধবলেশ্বরের সেতুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রযুক্তিবিদদের একটি দল পরিদর্শন করবেন। সেতুটি ব্যবহারে কোনও বিপদের সম্ভাবনা রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হবে বলেই জানা গিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে,ধবলেশ্বরের ঝুলন্ত ব্রিজের কাছে বিপর্যয় মোকাবিলার দল ও দমকল মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, রবিবার সন্ধ্যায় ছট পুজোর প্রার্থনা চলাকালীন হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মোরবি জেলার মাচ্ছু নদীর উপরের শতাব্দী প্রাচীন ঝুলন্ত সেতু। মেরামতির কাজের জন্য গত সাত মাস বন্ধ ছিল সেতুটি। প্রায় ২ কোটি টাকা দিয়ে মেরামতির পর গুজরাটি নববর্ষে, অর্থাৎ গত ২৬ অক্টোবর খুলে দেওয়া হয় এই সেতু। এদিন ছট পুজো উপলক্ষে ব্রিজটির উপর প্রায় ৫০০ লোকের জমায়েত হয়েছিল। অত্যাধিক ভিড়ের চাপ সহ্য করতে না পেরেই ভেঙে পড়ে সেতুটি। ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে জলে পড়ে যান সেতুর উপরে থাকা সমস্ত মানুষ। মর্মান্তিক এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৪৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে অনেকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে।

ইতিমধ্যেই মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা এবং আহতদের পরিবার পিছু ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সন্ঘ্ভি জানিয়েছেন, ঘটনার তদন্ত করার জন্য ইতিমধ্যেই ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর