সময় কলকাতা ডেস্কঃ ভয়াবহ আগুন দিল্লির একটি প্লাস্টিক কারখানায়। মঙ্গলবার সকালে বিধ্বংসী আগুন লাগে দিল্লির নারেলা এলাকার একটি বহুতলে। ঘটনায় ঝলসে গিয়ে মৃত্যু হয় ২ জনের। অন্যদিকে প্লাস্টিক কারখানার কাঁচ ভেঙ্গে অগ্নিদগ্ধ অবস্থায় ২০ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এদিন আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। শেষ পাওয়া খবর অনুযায়ী ঘটনাস্থলে আসে দমকলের ১১ টি ইঞ্জিন।
সূত্রের খবর,ওই কারখানাটিতে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুনের লেলিহান শিখা ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে। আগুনের কুণ্ডলী ও ধোঁয়া দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে পড়েন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। স্থানীয়দের তরফে খবর যায় দমকলে। খবর পেয়ে তৎক্ষণাৎ দমকলের ১১টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয়। এদিকে ওই প্লাস্টিক কারখানার আশপাশেই রয়েছে বেশ কিছু গাড়ির কারখানা। সেখানেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলেই মনে করা হচ্ছে। তবে ঘটনার যে দৃশ্য প্রকাশ্যে এসেছে, তা থেকেই স্পষ্ট যে আগুনের ভয়াবহতা ঠিক কতটা ছিল।

এখনও পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় প্রয়োজনে আরও ইঞ্জিন ঘটনাস্থলে আনা হবে বলেই জানিয়েছেন দমকল কর্মীরা। যদিও এদিন ঠিক কী কারণে এই আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। তবে,জনবহুল এলাকায় একটি বহুতলের মধ্যে প্লাস্টিক কারখানা কী ভাবে চলছিল, তা নিয়েই উঠেছে প্রশ্ন। পাশাপাশি ওই কারখানায় কোনও অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর